২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কোম্পানির ৯ কর্মকর্তাকে জরিমানা করেছে এসইসি

যথারীতি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত না করা ও আর্থিক প্রতিবেদন দাখিল না করার দায়ে বৃহস্পতিবার দুটি কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৯ কর্মকর্তাকে জরিমানা করেছে এসইসি (সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এসইসি সূত্র জানায়, ২০০১-২০০৩ পর্যন্ত বার্ষিক সাধারণ সভা না করার কারনে এসইসি ঢাকা ভেজিটেবল অয়েলস লিমিটেডের চার কর্মকর্তার প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করে।

এছাড়া ২০০৩ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল না করায় সালেহ কার্পেট মিলস লিমিটেডের পাঁচ কর্মকর্তাকেও এক লাখ টাকা করে জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছে এসইসি।

ঢাকা ভেজিটেবল অয়েলস লিমিটেডের শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলি, নির্বাহী পরিচালক এম এ রশিদ এবং পরিচালকদ্বয় এটিএম সিরাজুদ্দিন ও মোহাম্মদ সুরুজ্জামান।

অন্যদিকে, সালেহ কার্পেট মিলস লিমিটেডের চেয়ারপারসন দিলারা বেগম, ব্যবস্থাপনা পরিচালক শামীম আরা বেগমসহ আরও তিনজন পরিচালককে জরিমানা দিতে হচ্ছে। এরা হলেন, রেজাউল করিম চৌধুরী, বদরুল হক ও রুহুল আমিন।

সূত্র জানায়, আগামী ১৫ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে। যে সব কর্মকর্তা এ সময়ের মধ্যে জরিমানা শোধ করতে ব্যর্থ হবেন তাদেরকে পরবর্র্তী প্রতি দিনের জন্য দশ হাজার টাকা দণ্ড দিতে হবে বলে এসইসি সূত্রে জানা যায়।

এর আগে এসইসি সালেহ কার্পেট মিলস লিমিটেডের ওই পাঁচ কর্মকর্তাকেই এ বছরের এপ্রিল মাসে আরেকবার জরিমানা করেছিলো। ২০০৩ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত না করায় সেবার তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।