২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংকের আইপিও বাতিল করেছে এসইসি

হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার দায়ে সিকিউরিটিজ অ্যাণ্ড একচেঞ্জ (এসইসি) কমিশন বুধবার প্রিমিয়ার ব্যাংকের প্রাথমিক শেয়ার ছাড়ার (আইপিও) অনুমতি বাতিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 10:16 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

এর আগে ব্যাংকটি নিজের নামে ২৫ হাজার ভুয়া বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ও নিয়মিত হিসাব খোলে। এ কারণে সিইসি এ বছর ১২ ফেব্রুয়ারি ব্যাংকটির প্রাথমিক শেয়ার ছাড়ার (আইপিও) অনুমতি স্থগিত করে।

এসইসি চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম বলেন, অবৈধ বিও হিসাব এবং পুরনো প্রসপেক্টাসের কারণে ব্যাংকটির আইপিও সাবস্ক্রিপশন বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন শাখায় ভুয়া হিসাব খোলার প্রমাণ পেয়ে গত ২৮ এপ্রিল এর ব্যবস্থাপনা পরিচালককে তার পদ থেকে অব্যাহতি দেয়।

কমিশনের চেয়ারম্যান বলেন, এটা অন্যান্য আইপিও আবেদনকারীদের জন্য একটি শিক্ষণীয় বিষয় হওয়া উচিত।

তিনি বলেন, তারা যদি এ ধরনের কোনও অসদুপায়ের সাথে জড়িত থাকে তবে তারাও একই ধরনের শাস্তি পাবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবাল কোনও মন্তব্য করতে রাজি হননি।

এছাড়াও নিয়ম অমাণ্য করায় কমিশন প্রিমিয়ার ব্যাংকের মূলধণী অংশীদারদের ওপর কারণ দর্শানো নোটিশ জারি করেছে। ইকুয়িটি পার্টনারস লিমিটেড ও আনোয়ার সিকিউরিটিজ লিমিটেড ব্যাংকটির মূলধণী অংশীদার।

কমিশন আইন ভঙ্গের অভিযোগে কেন মূলধণী অংশিদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এ মর্মে নোটিশ জারি করে এবং ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে।

দুর্নীতির সাথে জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে এসইসি ব্যবস্থা নেওয়ার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখছে।