কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবি জানিয়েছে কৃষক সমিতি
কৃষকদের কাছ থেকে সরকার ঘোষিত মূল্যে ধান ক্রয়ের জন্য দেশের হাট-বাজারে ক্রয়কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।
এ দাবিতে বুধবার সারা দেশে সংগঠনের উদ্যোগে দাবি দিবস পালিত হয়। সেই সাথে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের কাছে স্মারক লিপি প্রদান করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।
জানা গেছে, এ বছর সরকার প্রতি মণ ধানের দাম ৩৮০ টাকা নির্ধারণ করলেও সরকারি ক্রয়কেন্দ্র না থাকায় কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। মধ্যস্বত্ত্বভোগীদের কাছে তারা প্রতি মণ ধান মাত্র ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে, যে খানে প্রতি মণ ধানের উৎপাদন খরচ-ই প্রায় ৩০০ টাকা।
কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করতে দেশের সকল হাট বাজারে সরকারি ক্রয়কেন্দ্র খোলার দাবি জানিয়েছে কৃষক সমিতি।
তারা বিশ্ব ব্যাংকের পরামর্শ উপেক্ষা করে কৃষিতে ভর্তুকি আরও বাড়ানোর জন্যও সরকারের প্রতি আহ্বান জানায়।
