২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে শ্রমিকের ন্যূনতম মজুরির ঘোষণার দাবি জানিয়েছেন ট্রেড ইউনিয়ন নেতৃবর্গ

জাতীয় ট্রেড ইউনিয়ন নেতৃবর্গ বুধবার প্রাক-বাজেট আলোচনায় আসন্ন বাজেটে শ্রমিকের ন্যুনতম মজুরির ঘোষণার দাবি জানিয়েছেন। এছাড়া আগামী বাজেটে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার নিশ্চিত করতে বীমা প্রবর্তনেরও প্রস্তাব করেছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

বাংলাদেশ ইন্সস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে বাজেট-পূর্ব এ আলোচনা অনুষ্ঠিত হয়। অলোচনায় বক্তারা বলেন, গত বাজেটে শ্রমিকদের জন্য যে বরাদ্দ ছিল তার অধিকাংশই অব্যবহৃত থেকে গেছে। তাই বাজেট প্রস্তাবগুলো বাস্তবায়নের ব্যাপারে সরকারের অধিক গুরুত্ব দেওয়া উচিত।

বক্তারা বলেন, শ্রমিকের ঘামে অর্জিত অর্থ দিয়ে সাবসিডি দেয়া হয় বড় বড় ব্যবসায়ীদের। প্রবাসী শ্রমিকদের অর্জিত রেমিটেন্স দিয়ে মন্ত্রীরা বিদেশ সফর করেন আর তাদের কেউ বিদেশে মৃত্যু বরণ করলে তার লাশ দেশে আনার টাকা থাকেনা। এ বৈষম্য চলতে পারেনা বলে মতামত ব্যক্ত করেন তারা।

বক্তারা সরকারের কর সংগ্রহ কাঠামো পরিবর্তনের এবং শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের বাজেট পূর্ববর্তী আলোচনায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাব করেন।

আলোচনায় উপস্থাপিত মূল নিবন্ধে বলা হয়, প্রতিবছর এডিপির অধিকাংশই অব্যহৃত থেকে যায়। গত এডিপির মাত্র ৮৩ শতাংশ সরকার কাজে লাগাতে পেরেছে। অথচ শ্রমিকদের সংকট সংকটই থেকে গেছে।

এমএফএ পরবর্তী সময়ে বেকার গার্মেন্টস শ্রমিকদের বিকল্প আয়ের উপায় হিসেবে মাইক্রো-ক্রেডিট প্রোগ্রাম প্রস্তাবের সুপারিশ করেন বক্তারা। তারা বলেন, এ বিষয়গুলো বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা প্রয়োজন।

কর আরোপের ক্ষেত্রে বৈষম্যের উল্লেখ করে আলোচকরা বলেন, এক টিন দুধ কিনতে একজন শ্রমিক ও একজন মালিককে সমান মূল পরিশোধ করতে হয়।

বেকার গার্মেন্টস কর্মীদের জন্য ২০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের সরকারী প্রস্তাব বাস্তবায়ন করার দাবি জানান তারা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কপ’র নেতা এবং বিল্স’র উপদেষ্টা আবুল বাসার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, বিল্স-এর উপদেষ্টা ও স্কপ নেতা মো. নূরুল ইসলাম। অতিথি বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নাসরিন খন্দকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী, মেসবাহ উদ্দিন আহমেদ, আব্দুল মুকিত খান, হারুনার রশীদ ভূঁইয়া প্রমুখ।