মার্কিন কংগ্রেস বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার সাহায্য দেবে
মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্টে (এমসিএ) অন্তর্ভুক্তির সুপারিশসহ মার্কিন কংগ্রেস এ বছর বাংলাদেশের জন্য ১০০ মিলিয়ন ডলার সাহায্য বরাদ্দ করেছে। ইউএসএইড’র মাধ্যমে বাংলাদেশ এ অর্থ সাহায্য পাবে।
ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার মানবাধিকার সংক্রান্ত এক বৈঠকে মার্কিন কংগ্রেস এই সিদ্ধান্তের কথা জানায়।
একই সঙ্গে কংগ্রেস নেতারা বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের এমসিএ অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। এমসিএতে অন্তর্ভুক্ত হলে বাংলাদেশের জন্যে মার্কিন উন্নয়ন সহযোগিতা এক বছরের মধ্যে দ্বিগুণ হবে।
বৈঠকে রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকারের নানা ইস্যু প্রাধান্য পায়। এসব ক্ষেত্রে প্রশংসা, সমালোচনা উভয়ই আলোচিত হয়। ব্রিফিং’র সময় পেশকৃত প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বিষয়াবলীর ওপর মৃদু সমালোচনা করা হলেও নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নের মতো অগ্রগতির উচ্চ প্রশংসা করা হয়।
বৈঠকে বিচার-বহির্ভুত হত্যা, মানবাধিকার লংঘন, একের পর এক বোমা বিস্ফোরণ, ২১আগস্ট বিরোধী দলের নেতার সমাবেশ ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া’র সমাবেশে গ্রেনেড হামলাসহ সকল বোমা বিস্ফোরণের তদন্তে মন্থর গতির তীব্র সমালোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সংশয় প্রকাশ করা হয় এবং নির্বাচনের সময় জাতিসংঘ কর্তৃক নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তাব দেওয়া হয়।
কংগ্রেসনাল হিউম্যান রাইটস ককাস’র উদ্যোগে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন কংগ্রেসম্যান যোশেফ ক্রাউলি। তিনি বলেন, এই ব্রিফিং এর উদ্দেশ্য ছিল একটি অধিকতর গণতান্ত্রিক সমাজ গঠনের দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যে কিভাবে দেশটিকে এর দীর্ঘদিনের পুরনো বন্ধু আমেরিকা সাহায্য করতে পারে তা আলোচনা করা।
ক্রাউলি ক্রমবর্ধমান উন্নয়ন সাহায্য প্রদানের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিক ও গণতান্ত্রিক প্রচেষ্টা অব্যাহত রাখতে সহযোগিতার জন্যে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে আহবান জানান। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বাংলাদেশকে এমসিএ সহযোগিতা কর্মসূচির অর্ন্তভুক্ত করা উচিত বলে মত প্রকাশ করেন। তিনি আরও বলেন, উন্নয়নের অর্থ কার্যকরভাবে কাজে লাগানোর যোগ্যতা বাংলাদেশের রয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অব স্টেট ফর সাউথ এশিয়া জন গ্যাসট্রাইট এবং ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর জিনি জর্জ উপস্থিত ছিলেন। তারা কংগ্রেস নেতাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করেন।
বৈঠকের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনিস্টিটিউট’র আবাসিক পরিচালক ওয়েন লিপার্ট, ইউএস ইনিস্টিটিউট অব পিস’র দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস্টিন ফেয়ার এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র চাপ্টারের টি কুমার।
বৈঠক শেষে ব্রিফিং’র সময় আওয়ামী লীগ’র প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও সুরঞ্জিত সেনগুপ্ত ক্রাউলি’র সাথে দেখা করেন। তবে ব্রিফিং’র সময় পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন না।
ব্রিফিং-এ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ বৈঠক সম্পর্কে তাদের সন্তোষ প্রকাশ করেন। তবে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ’র নিউইয়র্ক প্রতিনিধিকে জানান, কংগ্রেসের সামনে পেশকৃত প্রতিবেদনে বাংলাদেশের প্রকৃত বাস্তবতা প্রতিফলিত হয়নি। তিনি বলেন, ওই প্রতিবেদনে পর্যাপ্ত তথ্য ছিল না।
দক্ষিন এশিয়া বিষয়ক ডেপুটি এ্যাসিস্টেন্ট সেক্রেটারি জন গ্যাসট্রাইট বাংলাদেশে গণতন্ত্র চর্চা বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গী পোষণ করেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অগ্রগতি বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে প্রবৃদ্ধির ধারাবাহিকতার ব্যাপারে তিনি তার পর্যবেক্ষণের কথা তুলে ধরেন।
বাংলাদেশের বেসরকারি খাতে সাম্প্রতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন গ্যাসট্রাইট। যদিও বাংলাদেশে সুশাসনজনিত সমস্যা রয়েছে, তিনি আশাবাদী, যুক্তরাষ্ট্র সে বিষয়গুলো সদয় দৃষ্টিতে দেখবে। তিনি সম্প্রতি দুটি উগ্রবাদী গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ও আহম্মদিয়াদের অধিকার সংরক্ষণে সরকারের উদ্যোগকে স্বাগত জানান।
বাংলাদেশে এনডিআই’র আবাসিক পরিচালক ওয়েন লিপার্ট আশা প্রকাশ করেন, সমস্যা থাকা সত্ত্বেও বাংলাদেশ ঠিক পথে অগ্রসর হচ্ছে। ক্রিস ফেয়ারও বাংলাদেশকে মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসেবে অভিহিত করে বলেন, দেশটিতে গণতন্ত্র ও ইসলাম একই সাথে অবস্থান করছে। বরং তিনি সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিকে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি নিউইয়র্ক ও ওয়াশিংটনে অবস্থানরত বাংলাদেশী নাগরিকরাও ব্রিফিং’র সময় উপস্থিত ছিলেন।
