২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সকল কর্মসূচীর লক্ষ্যই হচ্ছে দেশ থেকে দারিদ্র বিমোচন করা: মান্নান ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া বলেছেন, বর্তমান সরকারের সকল কর্মসূচীর লক্ষ্যই হচ্ছে দেশ থেকে দারিদ্র বিমোচন করা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

মঙ্গলবার নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘দূর্যোগ জনিত ঝুঁকিহ্রাস কর্মসূচীর অধীনে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের জনগোষ্ঠীর মাঝে ঋণ ও অনুদান বিতরণ’ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ফিরোজ সালাহ উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক মাহফুজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।

মন্ত্রী বলেন, প্রতিবছর বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মত বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ থাকলেও এ দেশের মানুষ এসব দুর্যোগ সাহসের সাথে মোকাবেলা করে আসছে। বর্তমান সরকার এই দুর্যোগকবলিত জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য দুর্যোগ জনিত ঝূঁকি কর্মসূচী গ্রহণ করেছে। তিনি ঋণের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে নিয়মিত কিস্তি পরিশোধ করার জন্য ঋণ গ্রহীতাদের আহ্বান জানান।

স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করার মাধ্যমে সরকারের স্যানিটেশন কর্মসূচী, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ এবং জন্ম- মৃত্যু নিবন্ধন কর্মসূচী সফল করে তোলার জন্য তিনি উপস্থিত চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান।

এ কর্মসূচীর আওতায় মন্ত্রী ৬শ’ ৭১ জনের মধ্যে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণের চেক হস্তান্তর করেন। এসময় মন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫০ জনের মাঝে ৩৭৫ বান্ডিল ঢেউ টিন বিতরণ করেন।