ডিজেল, কেরোসিন ও পেট্রোলের দাম বৃদ্ধি: জ্বালানি তেলের দাম পুন: নির্ধারণ
সরকার আবারো ডিজেল, কেরোসিন ও পেট্রোলের দাম বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার ডিজেলের দাম ২৩ থেকে ২৬ টাকা, কেরোসিন ২৩ থেকে ২৫ টাকা এবং পেট্রোল ৩৩ থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। অকটেনের দাম ৩৫ টাকা অপরিবর্তিত আছে। আজ মঙ্গলবার থেকে এই বর্ধিত দাম কার্যকর হচ্ছে।
পুন:নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেলের দাম বাড়লো ১৩ শতাংশ, কেরোসিন ৮ দশমিক ৭ শতাংশ এবং পেট্রোল ৬ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন ও কৃষি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। বাড়বে মূল্যস্ফীতি। এর ভুক্তভোগী হবে দেশের গরিব মানুষ।
চার দলীয় সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে পাঁচবার জ্বালানি তেলের দাম বাড়লো। সরকার যখন ২০০১ সালের অক্টোবর মাসে ক্ষমতায় আসে তখন কেরোসিন ও ডিজেলের দাম ছিল ১৫ টাকা ৫০ পয়সা, পেট্রোল ২৩ এবং অকটেন ২৫ টাকা।
সরকার অবশ্য বলছে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশে তেলের দাম বাড়াতে হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয় সূত্রে দাবি করা হয়, আন্তর্জাতিক বাজারে বর্তমান দাম অনুসারে দেশে আমদানি করা লিটার প্রতি ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম শুল্কসহ ৩৫ টাকা এবং কেরোসিনের দাম শুল্কসহ ৩৮ টাকায় দাঁড়ায়।
বিপিসি‘র হিসেবে এই দামে বিক্রি করার কারণে কেবলমাত্র ডিজেল ও কেরোসিন খাতে চলতি অর্থ বছরে তাদের লোকসান হবে ২,০৭৫ কোটি টাকা। তার মধ্যে ১,৭০০ কোটি টাকা ডিজেলে এবং ৩৭৫ কোটি টাকা কেরোসিনে।
বিপিসি‘র দাম বাড়ানোর প্রস্তাবে বলা হয়, ভারতে বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ৪১ টাকা, পেট্রোল ৫৭ টাকা এবং অকটেন ৬৫ টাকা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন বলেন, ডিজেল, কেরোসিন এবং পেট্রোলের দাম বাড়ানোর কারণে বার্ষিক প্রায় ৯০০ কোটি টাকা লোকসান কমে আসবে। তিনি বলেন, বিপিসিকে পুরো লোকসানের হাত থেকে রক্ষা করার জন্য আগামী বাজেটে পেট্রোলিয়াম পণ্যের উপর শুল্ক কমানোর উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির হারের চেয়ে কম হারে দাম বাড়ানো হলো। বাকিটা শুল্ক কমিয়ে সমন্বয় করা হবে। বর্তমানে প্রতি লিটার অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের উপর ৭ টাকা ২ পয়সা শুল্ক আরোপিত আছে।
প্রতি লিটার পেট্রোলিয়াম পণ্যের ট্যারিফ মূল্য দশমিক ১৬ সেন্ট ধরে এই শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আছে আমদানি শুল্ক ২৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ এবং সারচার্জ ৪ শতাংশ।
গত ২২ ডিসেম্বর প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ২০ টাকা থেকে বাড়িয়ে ২৩ টাকা করা হয়। আর ২০০৩ সালের ৫ জানুয়ারি অকটেনের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা এবং পেট্রোলের দাম ২৮ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা নির্ধারণ করা হয়।
