৪ জুন বাংলা-পাক যৌথ অর্থনৈতিক সভা শুরু
আগামী মাসের ৪ তারিখে ঢাকায় দু’দিনব্যাপী বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা শুরু হচ্ছে। তবে সৌদি আরব ও ভারতের সাথে জেইসি সভার তারিখ এখনও নির্ধারিত হয় নি।
ইআরডি সচিব ইসমাইল জাবিউল্লাহ জানান, বহিঃসম্পদ বিভাগের (ইআরডি) যুগ্ম সচিবের নেতৃত্বে আমরা এ মাসের শেষের দিকে ভারতে একটি দল পাঠাবো। দলটি ইন্দো-বাংলা জেইসি বৈঠকের তারিখের ব্যাপারে আলোচনা করবে। রোববার ইআরডি সূত্র জানায়, আসন্ন অষ্টম জেইসি সভায় পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।
সূত্র জানায়, বৈঠকে দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল চুিক্তর (সাফটা) বিশেষজ্ঞ পর্যায়ের স্থবির আলোচনার সম্ভাব্য সমাধানের ওপরও আলোকপাত করা হবে।
ইতোমধ্যে জুনের ১৪ ও ১৫ তারিখে অনুষ্ঠিতব্য অষ্টম জেইসি সভা আয়োজনের জন্য বাংলাদেশের সাথে সৌদি আরবও স্বাগতিক হিসেবে নিজেদের নাম প্রস্তাব করেছে।
ইআরডি কর্মকর্তারা জানায়, কিন্তু বাংলাদেশ এখনও রিয়াদের প্রস্তাবের ব্যাপারে সম্মতি দেয় নি।
ইআরডি সূত্র জানায়, সরকার ভারতের সাথে জেইসি সভা আয়োজনের ওপর গুরুত্ব দিচ্ছে। কেননা এতে ভারতের সাথে আলোচনা ও ভারতে বাংলাদেশী পণ্যের প্রবেশাধিকার, শুল্ক অপসারণ, আধা শুল্ক ও শুল্কবহির্ভূত বাধা অপসারণ নিশ্চিত করার প্লাটফরম তৈরি হবে।
ইআরডি’র এক কর্মকর্তা জানান, ভারতের সাথে জেইসি বৈঠক জরুরী। তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হ্রাস, বাংলাদেশী রপ্তানি পণ্যের ওপর ভারতীয় শুল্ক বহির্ভূত বাধা বিলোপ ও ভারতে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের ওপর জোর দেওয়া উচিত।
২০০৩ সালে দীর্ঘ ছয় বছর পর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়।
