কর্ণফুলী পেপার মিলের জন্য চীন সাপ্লায়ার্স ক্রেডিটের পরিবর্তে স্বল্প সুদে ঋণ দিতে সম্মত
চট্টগ্রামের বন্ধ হয়ে যাওয়া বহুল আলোচিত কর্ণফুলী পেপার মিলকে আধুনিকায়নের জন্য চীন সাপ্লায়ার্স ক্রেডিটের পরিবর্তে স্বল্প সুদে ঋণ দিতে সম্মত হয়েছে।
এদিকে চীনের দেওয়া ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে জেলা পর্যায়ে ডিজিটাল টেলিফোন স্থাপনের ক্ষেত্রে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচনের ব্যাপারে দুই পক্ষ এখনো মতৈক্যে পৌঁছাতে পারেনি।
নগরীর আগারগাঁওয়ে শনিবার বহি:সম্পদ বিভাগে (ইআরডি) অনুষ্ঠিত বাংলাদেশ চীন যৌথ অর্থনৈতিক কমিশনের ১১তম বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়।
বৈঠকে ১৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইআরডি সচিব ইসমাইল জাবিউল্লাহ। অন্যদিকে ১১ সদস্যবিশিষ্ট চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইও গুয়েনঝু।
বৈঠক সূত্র জানায়, কর্ণফুলী পেপার মিলের আধুনিকায়ন, সম্প্রসারণ এবং পুর্নবাসনের জন্য ৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সাপ্লায়ার্স ক্রেডিটকে সহজ শর্তে ঋণ হিসেবে প্রদানের ব্যাপারে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম চীন তাতে রাজি হয়েছে।
যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ইসমাইল জাবিউল্লাহ জানান, পরীক্ষা নিরীক্ষার পর চীন এ ব্যাপারে রাজি হয়েছে।
এর আগে ২০০১ সালের ৩১মে বন্ধ ঘোষিত কর্ণফুলী পেপার মিল চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যাণ্ড এক্সপোর্ট কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু বাংলাদেশ যখন দেখে সাপ্লায়ার্স ক্রেডিটের অধীনে এই প্রকল্প বৈধ নয় তখন পুনরায় চুক্তি হয়। সেই থেকে প্রকল্পটি ঝুলন্ত অবস্থায় পড়ে ছিল।
অন্যান্য ইস্যুতে ইসমাইল জাবিউল্লাহ বলেন, বাংলাদেশ আরও পাঁচ বছর (২০০৫-২০১০) চীনে পণ্য রপ্তানির মাধ্যমে সেদেশের সুদমুক্ত ঋণ পরিশোধের সুযোগ পেয়েছে। উল্লেখ্য, এই সুবিধা এ বছরের জুলাইতে শেষ হওয়ার কথা ছিল।
বৈঠকে বাংলাদেশ কোটা পরবর্তী সময়ে চীনে আরও বেশি পোশাক রপ্তানির সুযোগ চেয়েছে।
ইও গুয়েনঝু বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে চীনের বাজারে বাংলাদেশের ৮২ ধরণের পণ্যের শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিয়েছি। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ প্রতিনিধি দলের এক সদস্য বিডিনিউজকে বলেন, চীন বাংলাদেশের যেসব পণ্যকে সেদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে, তার অনেকগুলোই চীনের পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না।
চীন বাংলাদেশের টেক্সটাইল ও কৃষি ক্ষেত্রে, দুর্যোগ ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের ব্যাপারে কারিগরি সাপোর্ট দিতে সম্মত হয়েছে। এছাড়া বাংলাদেশে নতুন একটি ইপিজেড প্রতিষ্ঠারও ইচ্ছা ব্যক্ত করেছে চীন।
ইসমাইল জাবিউল্লাহ আরও বলেন, বাংলাদেশ চীনের সহায়তায় পটুয়াখালীতে লেবুখালী সেতু এবং বাংলাদেশ-মায়ানমার সংযোগ সড়ক নির্মাণসহ ৫৮টি প্রস্তাব উত্থাপন করে।
তিনি বলেন, নতুন এ প্রস্তাবগুলোর ব্যাপারে চীন পরবর্তীতে তাদের সিদ্ধান্ত জানাবে।
২০০৪ সালে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন হয়েছে ১ দশমিক ৯৬৩ মার্কিন ডলার যা ২০০৩ সালের তুলনায় শতকরা ৪৩ ভাগ বেশি। এর মধ্যে চীনে রপ্তানির পরিমানই ছিল বেশি। কেবলমাত্র এ বছরের মার্চেই দ’ুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বানিজ্যিক লেনদেন হয়েছে ৪৯৪ মার্কিন ডলার।
