সৌদি আরব বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে
সৌদি আরব বাংলাদেশ থেকে ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ করায় স্থানীয় ওষুধ রপ্তানিকারকদের জন্য এক নতুন সুযোগ তৈরি হয়েছে।
ঢাকাস্থ সৌদি দূতাবাসে পাঠানো এক চিঠিতে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সৌদি আরবের নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিলে তারা বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ চিঠি হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় রপ্তানিকারকরা এ সংবাদে খুশি হয়েছেন। তবে তারা জানিয়েছেন বিদ্যমান অফিস ট্রান্সফার এবং স্যাম্পল ট্রান্সফার সংক্রান্ত বিধিবিধানের পরিবর্তন না হলে সৌদি আরবের বাজারে প্রবেশ করা কঠিন হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) একজন উর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার বিডিনিউজকে জানান, ওষুধ রপ্তানির সুযোগটি খতিয়ে দেখার জন্য এবং রপ্তানি নিবন্ধনসহ অন্যান্য বিষয়ে জানতে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল সৌদি আরব যাবে।
ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী আমদানির ব্যাপারে ওই চিঠিতে আরও বলা হয়েছে, সৌদি আরবে ওষুধ রপ্তানির ব্যাপারে ওষুধ কোম্পানিগুলোর নিবন্ধনসহ যাবতীয় বিষয়ে সহায়তা দিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনও আপত্তি নেই।
সৌদি আরবে ওষুধ রপ্তানির এ সংবাদ স্থানীয় ওষুধ কোম্পানিগুলোকে বেশ উৎসাহিত করেছে। এসিআই’র চিফ অপারেটিং অফিসার বিডিনিউজকে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, সৌদি আরবের বাজার বহুজাতিক কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে। অন্যান্য দেশের বাজারের তুলনায় তা বেশ বড় এবং সেখানে মূল্যও আট-দশগুন বেশি।
ইপিবি’র ভাইস-চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন মোহম্মদ বিডিনিউজকে জানান, এটি বাংলাদেশের জন্য চমৎকার একটি সুযোগ। এতে করে দেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। আগামী দশ বছরের ওষুধ বাংলাদেশের অন্যতম রপ্তানিদ্রব্যে পরিণত হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
২০০৪ সালের সেপ্টেম্বরে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ড. হামিদ বিন আব্দুল্লাহ আল মানে বাংলাদেশ সফর করেন। ওই সময় তিনি স্থানীয় ওষুধের মান ও উৎপাদন সম্পর্কে ধারণা নেন। ওই তিন দিনের সফরে তিনি বেশ কটি ওষুধ কোম্পানি ঘুরে দেখেন।
তার সফরের পর পর বাংলাদেশে সৌদি মেডিসিন টেকনিশিয়ানদের সফর করা কথা থাকলেও সৌদি স্বাস্থ্যমন্ত্রী তার সফরে দেশের ওষুধশিল্পের সন্তুষ্টি প্রকাশ করায় ওই প্রতিনিধি দলের সফরের আর প্রয়োজন হয়নি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম সৌদি আরবে ওষুধ রপ্তানি করতে যাচ্ছে। এর আগে সৌদি আরব ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কোনও দেশ থেকে ওষুধ আমদানি করেনি।
বাংলাদেশ থেকে সৌদি আরবের ওষুধ আমাদানির এ সিদ্ধান্তে খুব একটা অবাক হননি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক হাবিবুর রহমান।
তিনি বলেন, দেশে খুব কম কোম্পানিই আছে যারা বিদেশের নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণের মতো অবস্থা আছে।
বাংলাদেশ বিদেশে স্থানীয় উৎপাদিত এন্টিবায়োটিক, ইনহেলার, সাপোজিটরি, নাসাল, স্প্রে এবং ইনফিউশান রপ্তানি করে থাকে। বাংলাদেশে যেখানে ১৩ টাকায় একটি প্যারাসিটামল সিরাপ পাওয়া যায়, সেখানে রাশিয়ায় সেটির মূল্য একশ টাকার মতো।
দেশে বর্তমানে ২৩০টি ওষুধ কোম্পানি রয়েছে যারা বছরে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে।
বাংলাদেশ বিশ্বের ৬২টি দেশে ওষুধ রপ্তানি করে থাকে। চলতি অর্থবছরে সাত মাসে বাংলাদেশ ওষুধ রপ্তানির মাধ্যমে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
