ঢাকার বাজারে কমছে না মাছের দাম, কমেছে তরিতরকারির, চালের খুচরা ও পাইকারি বাজার ভিন্ন
ঢাকা মহানগরীর বাজারে প্রায় তিন সপ্তাহ ধরে নতুন চালের পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও চালের দাম কোনোভাবেই কমছে না। বাজারে চালের খুচরা দাম অনেকটা স্থিতিশীল। পাইকারি বাজারে আবার চালের দাম আগের তুলনায় বাড়তির দিকে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ইলিশ ছাড়া বাকি প্রায় সব মাছের দাম বাড়ছেই। দু’একটি ছাড়া প্রায় সব কাঁচা তরি-তরকারির দাম এখন বেশ কম। তবে মাংসের দাম আগের মতোই রয়েছে।
গত সপ্তাহে বেড়ে যাওয়া সয়াবিন তেলের দামের সাথে পাল্লা দিয়ে এ সপ্তাহে বেড়েছে চিনির দাম। আলু, টমেটো, পেঁয়াজ ও রসুন গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে।
কচুক্ষেত, মিরপুর ৬ নম্বর সেকশন, কাজীপাড়া, ইব্রাহিমপুর, সেনপাড়া ও মোহাম্মদপুর কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে গত সপ্তাহের চালের খুচরা দামের সাথে এ সপ্তাহে তেমন কোনো পার্থক্য দেখা যায়নি।
বাজারে নাজির শাল, স্বর্ণা, লতা, মিনিকেট, পাইজাম, বিআর-২৮, পারিজাত এবং ইরিসহ অন্যান্য চাল আগের সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারের সাথে পাইকারি বাজারে চালের দামে কিছুটা হেরফের রয়েছে।
চাল ব্যবসায়ীদের মতে, চালের আমদানি খরচসহ বিভিন্ন কারণে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে চালের দাম মনপ্রতি প্রায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসা চালের দামও বেশ চড়া। তাই বাজারে চালের দাম না কমে আরও বাড়তে পারে বলেও তাদের আশংকা।
তবে খুচরা বাজারে দেখা যায়, আগের সপ্তাহের মতো প্রতি কেজি স্বর্ণা ও লতা চাল ২৪, নাজিরশাল ২২, মিনিকেট ২২, পাইজাম ১৯, বিআর-২৮ ও পারিজাত ১৮ এবং ইরি ১৭ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে গরুর মাংস ১১০ টাকা এবং খাসির মাংস ২২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশী ও ব্রয়লার মুরগির দামও প্রায় স্থিতিশীল রয়েছে বাজারে। প্রতি কেজি সাদা ব্রয়লার মুরগি ৬৫ থেকে ৬৮ টাকা, লাল ব্রয়লার মুরগি ৭৫ থেকে ৮০ টাকা ও দেশী মুরগি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
নতুন ইলিশ আসায় ইলিশের দাম কিছুটা কম। তবে রুই, কাতলা, পাঙ্গাস, কালাবাউস, চিংড়ি, মাগুর মাছের দাম আগের দামের সাথে ১০ থেকে ২০ টাকা বেড়েছে বাজারে। ব্যবসায়ীদের মতে, এখন মাছের মওসুম নয়। তাই ইলিশ ছাড়া আর নতুন কোন মাছেরই পর্যাপ্ত আমদানি নেই। বরং অন্যান্য মাছের বেশ সংকট রয়েছে বাজারে। তাই মাছের দাম বাড়ছে।
শুক্রবার বাজারে মাছ ব্যবসায়ীদের রুই ৮০ থেকে ১৪০, কাতলা ৭০ থেকে ৮০, পাঙ্গাস ১১০, কালাবাউস ১৪০ টাকা, চিংড়ি ১১০ থেকে ২৫০, শিং ৩০০ টাকা, মাগুর ২৮০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।
তবে ছোট মাছের দাম বেশ চড়া। ছোট মাছ কেজি প্রতি প্রায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে নিু আয়ের ক্রেতাদের মাছের বাজারে বেশ ধাক্কা খেতে হয়েছে। ছোট মাছের কেজি ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
আলুর দাম আট টাকায়, গাঁজর ২৪, টমেটো ২০, ক্ষীরা ১০ থেকে ১২ টাকা, বেগুন ২০ এবং শশা, ঢেঁড়স, করলা এবং উস্তে ১২ থেকে ১৩ টাকায় বিক্রি হচ্ছে। সিম ও বরবটি ১৪, মিষ্টি কুমড়া ১০, লাউ ১২, পটল ১২, কচুর লতা ১৪ এবং ঝিংগে ও চিচিঙ্গা ১২ টাকায় বিক্রি হয়েছে।
বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে। নতুন রসুন ১৬, পুরনো ও শুকনো রসুন ৩৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
বিভিন্ন বাজারে সয়াবিন তেল ৫৬ টাকা কেজি বিক্রি হয়েছে। তবে চিনির দাম হঠাৎ করে বেড়ে ৩২ থেকে ৩৬ টাকায় উঠেছে। ডালের দাম কেজি প্রতি ৩ টাকা বেড়ে ৪৮ টাকায় উন্নীত হয়েছে।
