এডিবি গ্যাস খাত উন্নয়ন কর্মসূচিতে বিনা শর্তে ঋণ দিচ্ছে
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রথম বারের মতো গ্যাস খাত উন্নয়ন কর্মসূচিতে বিনা শর্তে ঋণ দিতে যাচ্ছে। তবে এই প্রক্রিয়া নির্বিঘ্ন করার স্বার্থে সরকারকে তার প্রতিশ্রুত সংস্কার কর্মসূচি চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করতে অনুরোধ জানানো হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচি চলতি মাসে না হলেও এডিবি‘র আসন্ন বোর্ড মিটিং এর আগেই তা শেষ করা সম্ভব হবে।
আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য এডিবি‘র বোর্ড সভায় বাংলাদেশের গ্যাস খাত উন্নয়নে ২২৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেয়ার প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পের আওতায় এডিবি সঞ্চালন লাইন নির্মাণ, গ্যাস ক্ষেত্র উন্নয়ন এবং কমপ্রেসার স্থাপনে অর্থায়ন করবে।
এবারের এ ঋণ গ্রহণের জন্য সরকারকে আগের মতো ১ শতাংশ হারে ঋণ প্রতিশ্রুতি ফি দিতে হবে না।
প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারকে বিনিয়োগ করতে হবে আরো ২২৫ মিলিয়ন ডলার।
এডিবি’র সিনিয়র জ্বালানি বিশেষজ্ঞ আবে জয়া গুণাবর্ধানের নেতৃত্বে একটি মিশন বর্তমানে বাংলাদেশ সফর করছে। মিশন জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের সাথে বৈঠক করেছেন।
এ সময় সরকারের আগে দেয়া প্রতিশ্রুতি অনুসারে গ্যাস আইন চূড়ান্ত করা, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চূড়ান্ত করে তাদের হাতে মূল্য নির্ধারণের দায়িত্ব ছেড়ে দেয়া, সংশোধিত জাতীয় জ্বালানি নীতি ঘোষনা এবং সিস্টেম লস কমিয়ে আনার জন্য পদক্ষেপ ঘোষণা করার অনুরোধ জানানো হয়।
জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র বিডিনিউজকে জানায়, প্রতিমন্ত্রী এডিবি মিশনকে বলেছেন, এ মাসের মধ্যে বিইআরসি’র চেয়ারম্যান এবং দুই জন সদস্য নিয়োগ চূড়ান্ত করা হবে। আর সংসদের আগামী অধিবেশেনে গ্যাস আইন পাস করার জন্য পেশ করা হবে। অন্যদিকে জাতীয় জ্বালানি নীতি প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রতিমন্ত্রী এডিবি মিশনকে বলেন, বর্তমান আইনে জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা বিইআরসি‘র হাতে দেয়া আছে। অবশ্য এডিবি মিশন তার এই যুক্তি গ্রহণ না করে বলেছে, গ্যাস খাতের মূল্য নির্ধারণ পদ্ধতি এখনো চূড়ান্ত করা হয়নি।
এডিবি মনে করে সরকারের প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল উৎপাদিত গ্যাসের ক্রেতা হবে পেট্রোবাংলা। আইওসি’র গ্যাস কি দামে কেনা হবে তা নির্ধারিত আছে। কিন্তু দেশীয় তিনটি উৎপাদন কোম্পানির গ্যাস পেট্রোবাংলা কি দামে কিনবে তা চূড়ান্ত করতে হবে। আবার এই গ্যাস পরিবহন করে দেশের একমাত্র সঞ্চালন কোম্পানি জিটিসিএল কি পরিমাণ হুইলিং চার্জ পাবে এবং বিতরণ কোম্পানি কি কমিশন পাবে তা চূড়ান্ত করে একটি জ্বালানি মূল্য নীতি প্রণয়ন করতে হবে। যার আলোকে বিইআরসি দাম নির্ধারণ করবে।
জানা গেছে, বর্তমানে আইওসি’র গ্যাস সিঙ্গাপুর বাজারের হাই সালফার ফুয়েল অয়েল দামের ৭০ থেকে ১০০ শতাংশ দামে কেনা হলেও দেশীয় কোম্পানির উৎপাদিত গ্যাস কেনা হয় মাত্র ৭ শতাংশ দামে। এডিবি’র পক্ষ থেকে জ্বালানি মূল্য নীতিতে এই ধরনের বৈষম্য পরিহার করার পরামর্শ দেয়া হয়েছে।
এডিবি’র এই প্রতিনিধি দল আগামী ২১ মে সংশ্লিষ্টদের সাথে এক সমাপনী বৈঠকে মিলিত হবেন।
জানা গেছে, এডিবি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর পিপি-পিসিপি অনুৃমোদন করে কাজ এগিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। যাতে করে ২০০৬ সালের জুনে কাজ শুরু করে ২০০৯ সালে পুরো প্রকল্প শেষ করা যায়।
গ্যাস খাত উন্নয়নে এবারের চূড়ান্ত হওয়া প্রকল্পগুলোর মধ্যে অধিকাংশ সঞ্চালন সংক্রান্ত। এর মধ্যে আশুগঞ্জে স্থাপন করা হবে একটি গ্যাস কমপ্রেসর স্টেশন। নতুন করে নির্মাণ করা হবে মনোহরদি-ধনিয়া, হাটিকামরুল, বনপাড়া, বনপাড়া-ভেড়ামারা, বনাপাড়া-রাজশাহী পাইপ লাইন। এছাড়াও এই প্রকল্পের আওতায় ৫টি গ্যাস ক্ষেত্রে থ্রি ডি সাইসমিক সার্ভে করা হবে। এই ফিল্ডগুলো হচ্ছে, বাখরাবাদ, তিতাস, রশিদপুর, কৈলাসটিলা ও সিলেট। এই কাজ করবে বাপেক্স। এডিবি তার জন্য সকল প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল জোগান দেবে।
অন্যদিকে যথাসময়ে পেট্রোবাংলা এডিবি’র কাজে প্রকল্প দাখিল করতে পারলে ব্যাংকটি ভেড়ামারা-খুলনা পাইপ লাইন নির্মাণে অর্থায়ন করবে।
