২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টি এন্ড টি বোর্ডকে বেসরকারি নয়, সরকারি মালিকানায় প্রাইভেট লিমিটেড কোম্পানি করা হবে

বাংলাদেশ টেলিগ্রাফ এন্ড টেলিফোন বোর্ডকে (বিটিটিবি) বেসরকারি মালিকানায় ছেড়ে না দিয়ে সরকারি মালিকানার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 10:09 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

ডাক ও টেলিযোগাযোগ সচিব মাহমুদ হাসান মনসুর মঙ্গলবার এক সেমিনারে বক্তব্য দানকালে এ কথা জানান। এ রূপান্তর প্রক্রিয়ায় টিএন্ডটি’র কর্মকর্তা কর্মচারিরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না বলে তিনি উল্লেখ করেন।

বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে বাংলাদেশ সিভিল সার্ভিস (টেলিকম) সমিতি মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ সেমিনারের আয়োজন করে।

টেলিযোগাযোগ সচিব বলেন, বিটিটিবি’র পুনর্গঠন করা জরুরি হয়ে পড়েছে, কেননা একটি দিনও টিএন্ডটি’র সংযোগ ত্রুটিবিহীন পাওয়া যায়না।

তিনি বলেন, টিএন্ডটি গ্রাহকরা সংযোগ ত্রুটির কারনে দিনের পর দিন ভোগান্তির শিকার হন। সেবা প্রদানের এই হাল বজায় থাকলে বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় বিটিটিবি টিকতে পারবে না বলেও সচিব মন্তব্য করেন।

রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সংস্থার সেবার মান বাড়াতে সরকার দুই ধাপে এর উন্নয়ন সাধনের পরিকল্পনা করছে বলে সেমিনারে জানিয়েছেন বিটিটিবি’র পরিকল্পনা বিভাগের পরিচালক এএইচএম শফিকুল ইসলাম।

প্রথম ধাপে বিটিটিবিকে লিমিটেড কোম্পানিতে পরিণত করার মাধ্যমে কর্পোরেটকরণ প্রক্রিয়া শুরু হবে। এ পর্যায়ে নিজস্ব সম্পদ ব্যবস্থাপনা ও কর্মকাণ্ড পরিচালনার পূর্ণ এখতিয়ার থাকবে বিটিটিবি’র হাতেই। সেই সাথে লাভ লোকসানের সকল দায় দায়িত্বও।

দ্বিতীয় ধাপে সংস্থাটিকে সম্পূর্ণভাবে বেসরকারিকরণ করতে সরকার বিটিটিবিতে তার সমস্ত শেয়ার বেসরকারি উদ্যোক্তাদের কাছে বিক্রি করে দেবে। এ পর্যায়ে ব্যবস্থাপনা অংশীদার হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো টেলিফোন কোম্পানিকে বিটিটিবি’র সাথে যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

এদিকে বিটিটিবি’র শ্রমিক সংগঠনসমূহের জোট টিএন্ডটি রক্ষা কমিটি এই পুনর্গঠন প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে। কমিটি’র আশংকা এর ফলে সংস্থার মাস্টার রোল ও অনিয়মিত ভিত্তিতে কাজ করা শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে।

বিটিটিবি বিলুপ্ত হলেও এতে কর্মরত বিসিএস (টেলিকম) ক্যাডার কর্মকর্তাদের ছাঁটাই না করার দাবি জানিয়েছেন সমিতির নেতারা।

ওই সমিতির সভাপতি এম ওবায়দুল্লাহ বিডিনিউজকে জানান, বিটিটিবির পৃুনর্গঠন প্রক্রিয়া ইতিবাচক হয়ে উঠতে পারে যদি পরিচালনা পরিষদ দক্ষ ও সৎ হয়।

সেই সাথে সংস্থার কাজকর্ম নির্বিঘ্নে চালানোর জন্য নতুন ব্যবস্থার অধীনে বিটিটিবি’র জনশক্তি পাঁচ হাজারের নীচে রাখা হতে পারে বলেও তিনি জানান।

বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বিভাগ নামে সরকারি প্রতিষ্ঠান হিসেবে ১৯৭১-এর ডিসেম্বরে আত্মপ্রকাশের পর ১৯৭৫ -এর টিএন্ডটি অধ্যাদেশ অনুসারে বিটিটিবি স্বায়ত্ত্বশাসিত সংস্থায় রূপান্তরিত হয়।