২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাজেটে ১৫ শতাংশ নগদ ভর্তুকির এবং ৫০ শতাংশ ইউটিলিটি বিল মওকুফের দাবি করেছে বিটিএমএ

আসন্ন নতুন বাজেটে বস্ত্র শিল্পে নগদ ১৫ শতাংশ ভর্তুকির এবং শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ গড়ে তোলার জন্য বিদ্যুৎ, গ্যাসসহ সকল প্রকার ইউটিলিটি বিলের ৫০ শতাংশ মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এছাড়া বস্ত্র শিল্পের যন্ত্রাংশের শুল্ক ও ট্যাক্স, ওয়েস্ট কটনের ট্যাক্স প্রত্যাহার এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহেরও দাবি জানান এসোসিয়েশনের নেতৃবর্গ।

বিটিএমএ’র চেয়ারম্যান এমএ আউয়াল মঙ্গলবার বিডিনিউজকে বলেন, বর্তমানে বস্ত্র শিল্পের যন্ত্রাংশ, রং এবং রাসায়নিক দ্রব্যের উপর ৭ দশমিক পাঁচ শতাংশ আমদানি শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট, ৪ শতাংশ অবকাঠামোগত উন্নয়ন সারচার্জ (আইডিএসসি) এবং ৩ শতাংশ এআইটি (অ্যাডভান্স ইনকাম ট্যাক্স) আরোপিত রয়েছে, যা বস্ত্র শিল্পকে পেছনে ঠেলে দিচ্ছে।

বিটিএমএ বর্তমানে গ্যাস, পানি এবং বিদ্যুৎ বিলে যে ১৫ শতাংশ ভ্যাট প্রদান করে তা পুরোপুরি মওকুফেরও দাবি জানায়। এছাড়া এই শিল্পে ঋণ এবং সুদের হার বর্তমানে তাদের ব্যবসার জন্য প্রতিকুল বলে উল্লেখ করে এ ব্যবস্থাকে পরিবর্তনের প্রস্তাব করেছে বিটিএমএ।

এসোসিয়েশনের দাবি, ইউরোপিয়ান কমিশন জিএসপি (জেনারালাইজড সিসটেম অব প্রেফারেন্স)’র যে নতুন পদ্ধতি প্রনয়ন করেছে তাতে এইখাতে সরকারের তরফ থেকে আরও বেশি সুবিধা দেয়া উচিত।

রপ্তানির মাধ্যমে বিটিএমএ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে এবং এ ভিত্তিতেই এবছর জিএপি সুবিধা বন্টন করা উচিত। এই কারনে দেশীয় শিল্পকে রক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য এই খাতে ১৫ শতাংশ ভর্তুকি প্রয়োজন বলে মনে করে এসোসিয়েশন।

বিটিএমএ’র বাজেট প্রস্তাবে বলা হয়, এই শিল্প প্রায় পুরোপুরিভাবে গ্যাসের উপর নির্ভরশীল। এক সমীক্ষায় দেখা গেছে বিটিএমএ তিতাস গ্যাসের ৭৬ শতাংশ ব্যবহার করে। কিন্তু ইউটিলিটি বিলকে উৎপাদনের সাথে জড়িয়ে ফেলায় দেশেরই ক্ষতি হচ্ছে।

প্রস্তাবে ট্যাক্স হলিডের সময় ২০১০ সাল পর্যন্ত বাড়ানো এবং কর্পোরেট ইনকাম ট্যাক্স ১০ শতাংশ নির্ধারন করার জন্য বলা হয়েছে। এছাড়া প্রস্তাবে আমদানি শুল্ক বাদ দেয়ারও প্রস্তাব করা হয়েছে।