২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে সিরামিক কাঁচমালের আমদানী শুল্ক হ্রাসে সরকারের প্রতি উৎপাদনকারীদের আহ্বান

আগামী বাজেটে সিরামিক শিল্পের কাঁচমালের আমদানী শুল্ক হ্রাসে সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ সিরামিক পণ্য উৎপাদনকারী সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বাংলাদেশ সিরামিক পণ্য উৎপাদনকারী সমিতির সভাপতি রাশেদ মওদুদ খান বিডিনিউজকে বলেন, এই শিল্পের বর্তমান আমদানী শুল্ক গড়ে ১২ শতাংশে। এই হার কমিয়ে পাঁচ শতাংশে আনা হলে শিল্পটি বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকবে।

তিনি আরও জানান, কিছু কিছু কাঁচামালের আমদানী শুল্ক ১৫ থেকে ৩০ শতাংশ এবং উৎপন্ন পণ্যের ওপর তাদের ১৫ শতাংশ মূল্য সংযোজন কর পরিশোধ করতে হয়।

বাংলাদেশ ব্যাংকের বার্ষিক রপ্তানি প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০৩-০৪ সালে সিরামিক পণ্য রপ্তানি থেকে আয় হয় ১৭৮ দশমিক ৭৩ কোটি টাকা যা ১৯৯৬-৯৮ সালে ছিল ৬৬ দশমিক ১৬ কোটি টাকা।

এই খাতে রপ্তানি ভলিউম বৃদ্ধিতে দেশের ব্যাংকগুলোর সুদের হার কমানোর জন্য সরকারি পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তিনি।

বাংলাদেশের সিরামিক পণ্য ইউরোপিয় ইউনিয়ন, স্ক্যান্ডিনেভিয়ান দেশসমুহ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৪৮ টি দেশে রপ্তানি হয়। এই ক্ষেত্রে চীন, পোলান্ড, থাইল্যান্ড, রোমানিয়া এবং ইন্দোনেশিয়া বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বি।

রাশেদ মওদুদ খান জানান, আমরা দেশের চাহিদা মেটাতে স্বয়ংসম্পুর্ন। যদিও আমাদের স্থানীয় বাজার নিম্নমানের সিরামিক পণ্যে ভরে গেছে যার বেশির ভাগ আসে চীন থেকে। এগুলো কম দামি কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

আমাদের দেশে বর্তমানে ১৫ টি সিরামিক উৎপাদন প্লান্ট রয়েছে এবং এগুলোতে প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করছে।