মিশন ভিয়েতনাম: যৌথ বিনিয়োগের অফার নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর বাণিজ্য প্রতিনিধিদল
প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার বাংলাদেশে ব্যবসায়িক নের্তৃবৃন্দসহ চামড়া, ঔষধ, পোষাক, জুতাসহ বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগের ক্ষেত্র তৈরীর করার লক্ষ্য নিয়ে ভিয়েতনাম সফরে রওয়ানা হচ্ছেন।
বাণিজ্যিক প্রতিনিধিদল এ সফরে ঔষধ ও পোষাকের কাঁচামাল সক্রান্ত তথ্য জানার চেষ্টা করবেন। বিশ্ব বাজারে বর্তমানে ভিয়েতনামের দৃঢ় অবস্থানের কারনে ব্যবসায়ীরা মাল্টি ফাইবার এ্যারেঞ্জমেন্ট (এমএফএ) অবসানপূর্ব ভিয়েতনামের প্রস্তুতিমূলক অবস্থাও পর্যবেক্ষণ করার ব্যাপারে আশাবাদী।
ভিয়েতনাম মিশনে বাংলাদেশ প্রতিনিধিদলের সফরের মধ্যে অন্যতম এজেন্ডা হিসেবে থাকবে দেশটির ক্রমবর্ধমান উন্নয়নের গতিধারার প্রকৃত অবস্থা অবলোকন করা। ব্যবসায়িকদের মতে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গি হওয়ায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) এ স্বাক্ষর করার অধিক সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট এমএ আউয়াল ১৪ সদস্যের বিশিষ্ট বানিজ্যিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বিনিয়োগের চমৎকার পরিবেশের কারনে ভিয়েতনাম দিনে দিনে সরাসরি বিদেশী বিনিয়োগকারীদের (এফডিআই) প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। বিদেশী বিনিয়োগকারীরা ভিয়েতনামে ২০০৫ সালে মাত্র পাঁচ মাসে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে রেকর্ড সৃষ্টি করে।
বাণিজ্য প্রতিনিধিদলের নেতা, বিটিএমএ’র চেয়ারম্যান এমএ আউয়াল বিডিনিউজকে জানান, ভিয়েতনাম বাংলাদেশের মতই একটি উন্নয়নশীল দেশ। সে প্রেক্ষাপটে আমাদের উদ্দেশ্য থাকবে উভয় দেশের মধ্যে সামঞ্জস্যমূলক অবস্থা তৈরী।
তিনি আরও বলেন, আমরা ভিয়েতনাম সফরে যৌথ বিনিয়োগের ক্ষেত্র তৈরির চেষ্টা করবো। পেছনে আছে আমাদের শক্তিশালী ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং কাঁচামাল সংগ্রহের ভিত্তি।
ব্যবসায়ী নের্তৃবৃন্দ সেদেশের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ভিসিসিআই) নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন। ১৮ এবং ১৯ মে উভয় পক্ষের বানিজ্যিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
বিকেএমইএ’র প্রেসিডেন্ট ফজলুল হক বলেন, আসলে তারা কিভাবে এমএফএ উত্তর পরিস্থিতিতে প্রবেশ করলো সে ব্যাপারে তথ্য সংগ্রহ করাই মূলত আমার ইচ্ছে। যেহেতু উন্নয়নের ধারায় উভয় দেশই প্রতিযোগী সেহেতু তাদের উন্নয়ন পদক্সেপঘুলো আমাদের নিয়মিতভাবে জেনে রাখা প্রয়োজন।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট কুতুবুদ্দিন আহমেদ বলেন, ভিয়েতনামে টেক্সটাইল খাতে কাঁচামাল সংগ্রহের তথ্য জানার চেষ্টা করবো এবং তাদের বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী করার পদক্ষেপ নেবো।
বে ফুট ওয়্যারের মহা পরিচালক জিয়াউর রহমান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিতে চামড়া খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। ভিয়েতনামে বিশ্বখ্যাত নাইকি এবং রিবকের মত ব্রান্ড জুতো ফ্যাক্টরি রয়েছে। আমরা ভিয়েতনামিদের সাথে চামড়া খাতে যৌথভাবে কাজ করার চেষ্টা চালাবো।
বাংলাদেশ এসোসিয়েশন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এসএম সাফিউজ্জামান বলেন, কারিগরি বিষয়ে আমরা তাদের সাহায্য করতে পারব। তারা ইতোমধ্যে বিপুল পরিমান ঔষধ বাংলাদেশ থেকে আমদানী করেছে। তিনি জানান, আগামী ১৭-২০ মে অনুষ্ঠেয় ভিয়েতনামের মেডি-ফার্ম এক্সপো ২০০৫ এ সাতটি বাংলাদেশী কোম্পানি অংশ নিচ্ছে।
কার্টুন এনিমেশন রপ্তানিকারক, বাংলাদেশ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসের (বিএএসআইএস) প্রেসিডেন্ট সারোয়ার আলম বলেন, উন্নয়নের ধারায় ভিয়েতনাম তথ্য প্রযুক্তি খাতেও পিছিয়ে নেই। আমরা একে অপরের সাথে যৌথ উদ্যোগে ব্যাবসা করার ব্যাপারে আলোচনা চালাবো।
এ দুদেশের মধ্যে বছরে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসায়িক লেনদেন হয়। ২০০৩-০৪ অর্থ বছরে বাংলাদেশ প্রায় ১৭ দশমিক ৭২ মিলিয়ন ডলারের মালামাল রপ্তানী এবং ২ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার আমদানী করে।
