২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের ভিত্তিতে সাহায্য দেবে দাতাগোষ্ঠী

দাতা সংস্থাগুলো আগামীতে উন্নয়ন ফোরাম বা কনসোর্টিয়াম সভার বদলে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র দেখে বাংলাদেশকে সাহায্য দেবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 07:21 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

তিনি বলেন, এরকম একটি বৈঠক এবছরের নভেম্বরের দিকে অনুষ্ঠিত হবে। মন্ত্রী তার কার্যালয়ে রোববার দাতাসংস্থা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।

প্রতিবছরই এরকম একটি বৈঠক হবে বলে মন্ত্রী জানান।

এর আগে বাংলাদেশ পশ্চিমা দাতাদেশগুলোর বার্ষিক বৈঠক ‘প্যারিস কনসোর্টিয়াম’র মাধ্যমে সাহায্য পেত।

গতবছর ৮ থেকে ১০ মে ঢাকায় বাংলাদেশ উন্নয়ন ফোরাম শিরোনামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ৩২টি দাতা দেশ বা সংগঠন অংশগ্রহণ করে।

অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন সংস্থাগুলোর দারিদ্র্য বিমোচন কৌশলপত্র দেখে সাহায্য দেবে এবং ডিসেম্বরে এবিষয়টি চূড়ান্ত হতে পারে।

সাইফুর রহমান আরও বলেন, বহুপাক্ষিক ঋণদাতা সংস্থাগুলো দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের ব্যাপারে জোরালো সমর্থন জানালেও ধীরগতির রাজস্ব সংস্কার নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করে আসছে।

এর আগে অর্থমন্ত্রী সাইফুর রহমানের সঙ্গে বৈঠক শেষে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন ওয়ালিক সাংবাদিকদের জানান, তারা বাজেটে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র বাস্তবায়নকে অগ্রাধিকার দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ওয়ালিক বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন এবং সাহায্য পাওয়ার জন্য দারিদ্র্য বিমোচন কৌশলপত্র হচ্ছে বাংলাদেশের প্রাথমিক কৌশল।