গার্মেন্টস শ্রমিকদের বীমা ইস্যুতে বিজিএমইএ’র বিশেষ সাধারণ সভা
দেশের সর্ববৃহত বাণিজ্যিক সংস্থা বিজিএমইএ প্রতিটি গার্মেন্টেসে শ্রমিকদের বীমা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে।
বাংলাদেশ তৈরী পোষাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক এসোসিয়েশনের (বিজিএমইএ ) নেতৃবৃন্দ জানান, সাভার ট্রাজেডিতে ৬৩ জন শ্রমিকের মৃত্যুর পর বিভিন্ন মহল থেকে উপর্যুপরি চাপ আসার কারনে বিজিএমইএ শ্রমিকদের বীমা করার ব্যবস্থা নেয়া হয়েছে।
বিজিএমইএ প্রেসিডেন্ট আনিসুল হক নতুন এ উদ্যোগের ব্যাপারে বেশ আশাবাদী। তিনি বলেন, আমরা আশাবাদী যে শ্রমিকদের বীমা ব্যবস্থা চালু করার জন্য বেশীরভাগ সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে।
বিকেল ৪টায় এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
এদিকে বিজিএমইএ’র সার্ভে টিম মিরপুরের একটি ফ্যাক্টরি থেকে ত্রুটিজনিত কারনে যন্ত্রপাতি বাতিল করে দিয়েছে।
তবে, ফ্যাক্টরিটির নাম উল্লেখ করা হয়নি।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত কোটায় প্রবেশ করার ব্যাপারে বিজিএমইএ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের এএফএল-সিআইও এবং বিভিন্ন শ্রমিক সংস্থাগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা এদেশে শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হতে চায়।
১৯৯০ সালের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন ফ্যাক্টরিতে দুর্ঘটনায় প্রায় ৪ শ’ শ্রমিক নিহত হয়েছে।
এসব তৈরী পোষাকের কারখানাগুলো দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র।
২০০৩-৪ অর্থ বছরে বাংলাদেশ তৈরী পোষাক রপ্তানী করে প্রায় ৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করে। ২০০২-০৩ সালে ছিল ৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।
