২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অর্থমন্ত্রীর ক্ষোভ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যর্থতায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 04:16 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

তিনি বলেন, রাজস্ব বোর্ডে যারা কাজ করেন তাদের অনেকেরই এ বিষয়ে যথেষ্ঠ জ্ঞান নেই।

অর্থ মন্ত্রণালয়ে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এবং আন্তর্জাতিক অর্থ তহবিলের স্থানীয় প্রতিনিধির সাথে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, জাতীয় রাজস্ব বোর্ড খুবই দুর্বল এবং এখানকার কর্মকর্তারা প্রশিক্ষিত নয়।

বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা ওয়ালিকের সাথে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি প্রয়োজনীয় সম্পদ না থাকে তাহলে আমরা কি করে দারিদ্র বিমোচন কৌশল পত্র (পিআরএসপি) বাস্তবায়ন করব।

এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে ক্রিস্টিনা ওয়ালিক বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের কর আদায় খুবই কম (জিডিপি’র ১০ শতাংশেরও নিচে)। কর আদায় বাড়ানো না গেলে পিআরএসপি বাস্তবায়ন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে।

অপর্যাপ্ত কর আদায় জিডিপি’র প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে এবং উন্নয়ন কার্যক্রম সীমিত হয়ে পড়বে।

অর্থমন্ত্রী মনে করেন রাজস্ব বোর্ড দুর্বল কাঠামো ও অদক্ষ লোকবল নিয়ে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, এই জনবল নিয়ে কর আদায় করা খুবই কঠিন।

তিনি বলেন, কমিশনাররা শুধু তাদের অধীনস্থদের ছবক দেন। আরও ভালভাবে কর আদায়ের জন্য আমাদের কমিশনারদের পরিবর্তে আরও বেশি ডেপুটি কমিশনার প্রয়োজন।

গত ১০ বছর ধরে এনবিআর-এ কোনও নতুন নিয়োগ হয়নি বলেও মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী আরও জানান, শুধুমাত্র জাতীয় রাজস্ব বোর্ডে নতুন নিয়োগের ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করবেন।