পিআরএসপি’র খসড়া প্রণয়নে অন্তর্ভুক্ত না করায় এমপি’দের ক্ষোভ প্রকাশ
দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) খসড়া প্রণয়নে অন্তর্ভুক্ত না করায় সংসদ সদস্যরা শনিবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
পিআরএসপি সংক্রান্ত এক কর্মশালায় অংশগ্রহণকারী সংসদ সদস্যদের এক প্রশ্নের জবাবে পাবলিক আন্ডারটেকিং বিষয়ক সংসদের স্থায়ী কমিটির সভাপতি আব্দুল আলীম বলেন, আমার জানা মতে পিআরএসপি’র খসড়া প্রণয়ন চলাকালে কোনও এমপি’র সাথেই পরামর্শ করা হয়নি বা তাদের কাউকেই এ ব্যাপারে ডাকা হয়নি।
ইএনডিপি’র সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ প্রকল্প বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যদের মতামত গ্রহণের উদ্দেশ্যে ‘সংসদ সদস্যদের দৃষ্টিতে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে।
কর্মশালায় এ ব্যাপারে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা পিআরএসপি’র খসড়া সংসদ সদস্যদের কাছে ২০০৪ সালের ডিসেম্বরের শেষ দিকে পাঠানো হয়েছিল বলে জানালে সংসদ সদস্যরা এ ধরনের কোনও কাগজপত্র পাননি বলে জানান।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে কর্মশালার সংসদ সদস্যদের আলোচনা কার্যক্রম স্থগিত হয়ে পড়ে এবং নতুন করে আলোচনার জন্য তারিখ নির্ধারণ করা হয়। আগামী ১৭ জুলাই শেরাটন হোটেলে এ ব্যাপারে আবার আলোচনা বসবে।
শনিবারের এ কর্মশালায় সরকার ও বিরোধী দলের ৩৯ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
বিরোধী দলের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ বলেন, সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা ছাড়া পিআরএসপি’র বাস্তবায়ন হবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে।
এদিকে, জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টর জমির উদ্দিন সরকার বলেন, এই কর্মসূচির মধ্য দিয়েই পিআরএসপি নিয়ে সংসদ সদস্যদের সাথে আলোচনা শুরু হয়েছে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লে. কর্ণেল ফারুক খান এমপি, আব্দুল মান্নান এমপি, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং বাংলাদেশে ইএনডিপি’র আবাসিক প্রতিনিধি জরগান লিসনার, অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ড. কাজী মেজবাহ উদ্দিন আহমেদ এবং ড. হোসাইন জিল্লুর রহমান।
কর্মশালায় বাংলাদেশের সামাজিক উন্নয়নের ওপর আলোকপাত করে জরগান লিসনার বলেন, পিআরএসপি’র লক্ষ্য অর্জন করতে হলে রাজনৈতিক দলগুলোর মতামতের প্রয়োজন রয়েছে।
অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ তার বক্তব্যে সংসদ সদস্যদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও দক্ষতার কথা তুলে ধরে তাদের অংশগ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করেন।
তিনি পিআরএসপি’র সফল বাস্তবায়নের জন্য সরকারের প্রতিষ্ঠানিক সংস্কার শক্তিশালীকরণ এবং রাজনৈতিক অঙ্গীকারের কথা উল্লেখ করেন।
কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে অন্তর্ভুক্ত করে পিআরএসপি বিষয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাবসহ বেশ কিছু সুপারিশ করা হয়।
পরবর্তী অর্থবছরের ১৫ এপ্রিল থেকে বহুল আলোচিত পিআরএসপি’র বাস্তবায়ন প্রত্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
