২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক ও আইএমএফ’র আপত্তি সত্বেও সোমবার মন্ত্রীসভায় পে-কমিশন অনুমোদন হচ্ছে

বিশ্বব্যাংক ও আইএমএফের আপত্তি সত্বেও সরকার সোমবার মন্ত্রীসভার বৈঠকে নতুন বেতন স্কেল অনুমোদন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 02:43 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

শনিবার ভোরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান। অর্থমন্ত্রী তুরস্কে এডিবি’র বার্ষিক সভায় যোগদান এবং যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক, আইএমএফ ও ইউএসএআইডি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত শেষে ১২ দিন পর দেশে ফেরেন।

পে স্কেল বাস্তবায়নকে সরকারের একটি প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমি তাদের (বিশ্বব্যাংক ও আইএমএফ) বলেছি, আমরা আমাদের অর্থনৈতিক ক্ষমতার মধ্যেই এটি করবো।

তিনি জানান, বিশ্বব্যাংক ও আইএমএফ সরকারের ক্ষমতা অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের পরামর্শ দিয়েছে।

তাদের পরামর্শ, পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে দেশের অর্থনীতিতে যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে এ বিষয়টি মাথায় রাখতে হবে।

বিশ্বব্যাংক ও আইএমএফ আরো বলেছে, বর্ধিত বেতন স্কেল বাস্তবায়িত হলে দেশে মূল্য বৃদ্ধি ও মূদ্রাস্ফীতির সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে।

নতুন বেতন স্কেল এ বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এতে সরকারের প্রতি বছর প্রায় ৬ হাজার ৭১২ কোটি টাকা বাড়তি ব্যয় হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হিসেব অনুযায়ী, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন বাবদ বার্ষিক ব্যয় হচ্ছে প্রায় ১৩ হাজার ৪৭৭ কোটি টাকা।

সফর সম্পর্কে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বব্যাংকের নব নিযুক্ত প্রেসিডেন্ট ড. পল উলফোউইটজ, আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক রডরিগো দ্য রাতো এবং ইউএসএআইডি’র প্রশাসক অ্যান্ড্রু ন্যাটসিওস-এর সাথে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

তারা সকলেই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের অর্জিত সাফল্যের প্রশংসা করেন।

দুর্নীতি রোধ, সুশাসন, সংঘাতপূর্ণ রাজনীতি, আইন-শৃঙ্খলা, ব্যাংক সুদের হার ও দারিদ্র বিমোচন এবং গ্রোথ ফ্যাসিলিটি ফাণ্ডের (পিআরজিএফ) চতুর্থ কিস্তির টাকা ছাড়ের বিষয়টিও আলোচনায় এসেছে।

২০০৩ সালের ২০ জুন অনুমোদিত পিআরজিএফের আওতায় সাতটি পর্যায়ে বাংলাদেশ ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি পাবে। এর মধ্যে আইএমএফ গত দুই বছরে তিন কিস্তিতে ১৪৮ দশমিক ৫ মিলিয়ন ডলার বিতরণ করেছে।

সাইফুর রহমান জানান, আইএমএফ শিগগিরই চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছে।

তবে তারা ব্যাংকিং, রাজস্ব এবং ব্যয় ব্যবস্থাপনা খাতের সংস্কার কার্যক্রমকে ত্বরান্বিত করার পরামর্শ দিয়েছে।

আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক মূদ্রাস্ফীতির বিষয়টিও মাথায় রাখার পরামর্শ দিয়েছেন।

বিশ্বব্যাংকের সাথে তার বৈঠক সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, তিনি বিশ্বব্যাংকের নবনিযুক্ত প্রেসিডেন্টকে অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র বিমোচন কর্মসূচিতে অর্থ সাহায্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ড. পল উলফোউইটজ এবং ব্যবস্থাপনা পরিচালক শেংম্যান ঝাং সাহায্য থেকে আসা অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করতে সুশাসনের উন্নয়ন, সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির অবসান এবং দুর্নীতি নির্মূলের ওপর জোর দেন।

মন্ত্রী জানান, তিনি ইউএসএআইডি’র কর্মকর্তাদের বাংলাদেশকেও ‘মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্ট (এমসিএ)’ তে অন্তর্ভূক্ত করার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও সাইফুর রহমান মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচজন আইন প্রণেতার সাথে বৈঠক করেন। তিনি বাংলাদেশসহ ১৫টি স্বল্পোন্নত দেশকে শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধার্থে আনা একটি মার্কিন বিলের প্রতি তাদের সমর্থন আশা করেন।