সংসদীয় কমিটি বিশ্বব্যাংকের দায় মুক্তি বিল অনুমোদন করেছে
অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি শনিবার এক বৈঠকে বিশ্বব্যাংকের দায় মুক্তি সংক্রান্ত বিল অনুমোদন করেছে।
বৈঠকে উপস্থিত বিরোধী দল আওয়ামী লীগের একমাত্র সদস্য সাইদুল হক এর তীব্র বিরোধিতা করে ওয়াক আউট করেন।
তিনি সাংবাদিকদের বলেন, এটি হবে রাষ্ট্র ও সংবিধান বিরোধী একটি আইন।
সূত্র জানায়, আন্তর্জাতিক সংস্থা (সংশোধনী) বিল ২০০৪ পাস হলে রাষ্ট্র ও ক্ষতিগ্রস্ত জনগণ বিশ্বব্যাংকের বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ নিতে পারবে না।
তবে স্থায়ী কমিটির চেয়ারম্যান মুশফিকুর রহমান বলেন, জনগণ ক্ষতিগ্রস্থ হলে প্রস্তাবিত এ আইনের অধীনেই তারা আইনগত পদক্ষেপ নিতে পারবেন।
প্রস্তাবিত আইন অনুযায়ী, ১৯৭২ সালের একটি রাষ্ট্রপতি আদেশে আরও দু’টি ধারা অন্তর্ভূক্ত হবে। এই আদেশবলে বিশ্বব্যাংক ট্যাক্স ও অন্যান্য কিছু ক্ষেত্রে দায় মুক্তি পায়।
বিলটি পাস হলে বিশ্বব্যাংকের তিনটি সংস্থা আইডিএ, আইবিসিডি এবং আইএমএফ দায় মুক্তি পাবে।
মুশফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী শাহ এম আবুল হোসেন, রিয়াসাত আলী বিশ্বাস, গাজী এম শাহজাহান, মশিউর রহমান রাঙ্গা, সাইদুল হক প্রমুখ।
