২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি মন্ত্রণালয়ের প্রতি অর্থমন্ত্রীর ক্ষোভ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান শনিবার কৃষি মন্ত্রণালয়কে তার বীজ ব্যবস্থাপনা বিভাগকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দকৃত অর্থ ব্যবহার করতে না পারায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে আরও বেশি বরাদ্দ পাওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রকল্প ভিত্তিক পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন।

পররাষ্ট্র, কৃষি, পানি সম্পদ, স্থানীয় সরকার, সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সাথে বাজেটপূর্ব বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান।

কৃষির প্রতি জোর দিয়ে তিনি বলেন, দেশে বীজের চাহিদা বিবেচনা করে কৃষি মন্ত্রণালয়কে তার বীজ বিভাগকে অবশ্যই শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, সরকারি সংস্থা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বছরে মাত্র ৭ থেকে ১০ ভাগ বীজের চাহিদা পূরণ করতে সক্ষম। বাকি চাহিদা পূরণ করে থাকে কৃষক ও ব্যবসায়িরা।

সাইফুর রহমান বলেন, ‘এসব মন্ত্রণালয়কে আমি মে মাসের মধ্যে বরাদ্দকৃত অর্থ ব্যবহার করতে বলেছি। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ও রয়েছে। কৃষি মন্ত্রণালয় তাদের জন্য বরাদ্দকৃত অর্থ নির্ধারিত সময়ে ব্যবহার করতে পারে না’।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ে ব্যবহার করতে না পারায় প্রতি বছরই এ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ ফেরত আসে।

মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়কে সকল সুবিধা দেয়া হবে, তবে সম্পদের যথাযথ ব্যবহারের জন্য মন্ত্রণালয়কে তার সামর্থ দেখাতে হবে।

মন্ত্রী আরও জানান, প্রতিবন্ধী ও নারীদের ক্ষমতায়নের জন্য পরবর্তী বাজেটে পর্যায়ক্রমে সমাজকল্যান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশি অর্থ বরাদ্দ দেয়া হবে।