বাংলাদেশী কূটনীতিকদের বাড়িভাড়া কমাতে অর্থমন্ত্রীর নির্দেশনা
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বিদেশে কর্মরত বাংলাদেশী কূটনীতিকদের বাড়ি ভাড়া কমানোর জন্যে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছেন।
তিনি বলেন, একজন রাষ্ট্রদূত বাড়ি ভাড়া হিসেবে দু হাজার মার্কিন ডলার পান। কিন্তু তার স্থলে অন্য কোনও কূটনীতিক যোগ দিলে তিনি তা বাড়িয়ে তিন হাজার ডলার করে নেন।
আটটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে প্রাক বাজেট আলোচনায় মন্ত্রী এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ কৃষি, পানি সম্পদ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক, মৎস্য ও পশু সম্পদ এবং জ্বালানী মন্ত্রণালয়ের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রী জানান, বাড়ি ভাড়া বাবদ কূটনীতিকরা প্রচুর অর্থ নিয়ে থাকেন।
অর্থমন্ত্রী এ ব্যাপারে স্বচ্ছ, যৌক্তিক ও বাস্তবসম্মত নীতি নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দেন।
