টিঅ্যাণ্ডটি মোবাইলঃ অনলাইনে ফরম বিতরণের প্রস্তুতি সম্পন্ন হলেও তারিখ নির্ধারণ হয়নি
অনলাইনে মোবাইল ফরম বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও টিঅ্যাণ্ডটি কর্তৃপক্ষ এখনও বিতরণের দিনক্ষণ নির্ধারণ করেনি।
টেলিটক কর্তৃপক্ষ জানায়, টেলিটকের বিরুদ্ধে টিঅ্যাণ্ডটির কিছু কর্মকর্তা কর্মচারির আন্দোলনের প্রেক্ষিতে এবং অন্যান্য বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর সাথে আন্তঃসংযোগ চুক্তি না হওয়ায় ফরম বিতরণ শুরু করতে দেরি হচ্ছে।
টেলিটকের ব্যস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ বর্তাসংস্থা বিডিনিউজকে জানান, টেলিটকের পরিচালনা বোর্ডের পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আগামী দু’এক দিনের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
তিনি আরও জানান, বিটিটিবি এই মুহূর্তে ৩৫ হাজার সিমের জন্য ফরম বিতরণ শুরু করতে প্রস্তুত।
এম ওবায়দুল্লাহ বলেন, বেসিক ব্যাংক ফরম বিতরণে একক দায়িত্ব নিতে অস্বীকার করেছে। সে কারণেই ব্যাংক এবং টিঅ্যাণ্ডটি অফিস উভয়ের মাধ্যমে ফরম বিতরণ অব্যাহত রাখা হবে কিনা এখনও তা ঠিক করা হয়নি।
এর আগে কর্তৃপক্ষ গ্রাহকদের প্রচণ্ড ভিড় সামলাতে না পেরে ২ এপ্রিল সাময়িকভাবে ফরম বিতরণ বন্ধ করে দেয়।
তিনি বলেন, অনলাইনে ফরম বিক্রি করা হলে গ্রাহকদের দুর্ভোগ এবং অব্যবস্থাপনা অনেকাংশেই কম হবে।
বিটিটিবি’র একজন কর্মকর্তা বলেন, প্রত্যেক কোম্পানি তাদের গ্রাহকদের স্বার্থের কথা চিন্তা করে দু’এক দিনের মধ্যেই টেলিটকের সাথে আন্তঃসংযোগ চুক্তি করতে যাচ্ছে।
টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগে আন্তঃসংযোগের ব্যাপারে কোনও বৈঠকেই সমাধান হয়নি। সেসব বৈঠকে বেসরকারি কোম্পানিগুলোকে যেকোনওভাবে আন্তঃসংযোগ চুক্তির অনুরোধ জানানো হয়।
তবে বেসরকারি কোম্পানিগুলো আন্তঃসংযোগ চুক্তির জন্য দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি তুলে আসছিল।
