২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর মনিটরিং ও পর্যবেক্ষণের মাধ্যমে ব্যাংকিং সেক্টরের উন্নয়ন সম্ভবঃ ফকরুদ্দিন আহমেদ

বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্ণর ডঃ ফকরুদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের নিয়মিত ও কঠোর পর্যবেক্ষণের মাধ্যমে দেশের ব্যাংকিং সেক্টরের সার্বিক অবস্থার উন্নয়ন করা সম্ভব। এর ফলে জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে বৃহস্পতিবার তিনি একথা বলেন।

আগামী ৩০ এপ্রিল ফকরুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হবে। বাংলাদেশ ব্যাংকের অষ্টম গভর্ণর হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

ফখরুদ্দিন আহমেদ বলেন, ব্যাংকিং সেক্টর সঠিকভাবে কাজ করতে না পারলে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টরের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

ব্যাংকিং সেক্টরে সুশাসনের অভাব, ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে নীতিমালা প্রদানে ব্যাংকগুলোর ব্যর্থতা এবং ঋণখেলাপি সংস্কৃতির কথা উল্লেখ করে তিনি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে সঠিকভাবে মনিটর ও পর্যবেক্ষণ করার পরামর্শ দেন। এতে দেশের আর্থিক বাজারে অনেকটা স্থিতি অবস্থা বিরাজ করবে বলে তিনি জানান।

সম্প্রতি ব্যাংক সুদের হার বৃদ্ধি সম্পর্কে তিনি বলেন, মুদ্রাস্ফীতি ও তারল্য সংকট দূর করতে এটা করা হয়েছে।

গত চার বছরে নতুন পলিসি গ্রহণ, খেলাপি ঋণ হ্রাস, ব্যাংকের সার্বিক অবস্থার উন্নয়ন এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর পর্যবেক্ষণের কারণে দেশের আর্থিক বাজারে কিছুটা হলেও উন্নতি সাধিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।