২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত পণ্য প্রবেশে ড. ইউনুসের প্রচারণা

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইউনুস বুধবার যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য ট্যারিফ রিলিফ এসিসট্যান্স ফর ডেভলপিং ইকনমিস এ্যাক্ট-২০০৫ এর প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য মার্কিন রাজনীতিক, সাংবাদিক ও ব্যবসায়ী মহলের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

বিজিএমইএ প্রতিনিধি  দলের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন তিনি। 

মার্কিন সিনেটর, ক্রেতা এবং শ্রমিক নেতা ও গণমাধ্যম কর্মীদের সাথে এক নৈশভোজে ড. ইউনুস মার্কিন বাজারে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের শুল্কমুক্ত প্রবেশে সুবিধা পাওয়ার পক্ষ্যে লবি ও প্রচারণা চালান।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত ইফতেখার আহমেদ নিউ ইয়র্কের একটি ক্লাবে এই নৈশ ভোজের আয়োজন করেন।

বাংলাদেশ ককাস’র কো-চেয়ারমেন কংগ্রেসম্যান ক্রাউলি ও জিম কলবে ‘ট্রেড এ্যাক্ট ২০০৫’ নামে পরিচিত এ  বিলটি গত ১৭ ফেব্র“য়ারি প্রতিনিধি সভায উত্থাপন করেন। কিছু সংখ্যক স্বল্পন্নত দেশকে বিশেষ বাণিজ্য সুবিধা প্রদানের প্রস্তাব দিয়ে এ বিলটি উতথাপন করেন তারা। এদেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান এবং নেপাল।

ড. ইউনুস মার্কিন সিনেটর ও সংবাদ মাধ্যমকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের শুরু থেকে বর্তমান অবস্থার কথা অবহিত করেন।

তিনি বাংলাদেশের পোষাক শিল্প কোটামুক্ত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার কারণে বর্তমানে যে ভয়াবহ সঙ্কটের সম্মুখীন হয়েছে তা তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত প্রবেশাধিকার বিষয়ক ওই বিলটি পাশের জন্য অনুরোধ জানান।

ভোজ সভায় বিজিএমইএ সভাপতি আনিসুল হক ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শমশের মবিন চৌধুরীও বক্তব্য রাখেন।

বিজিএমইএ সূত্র জানায়, সফররত প্রতিনিধি দলটি ওয়াশিংটনে আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ভোজ সভায় অক্সফাম আমেরিকার প্রেসিডেন্ট রেমণ্ড সি অফেন, ইউএন ফাউণ্ডেশনের সভাপতি সিনেটর টম ওর্থ, ফিলিপস  ভেন হোসেন করপোরেশন’র নির্বাহী সভাপতি টেড স্ল্যাটার, ডেঁলাইন এনবিসি নিউজ-এর চিফ প্রেডিউসার রিচার্ড গ্রিন, বিখ্যাত শ্রমিক সংগঠন ইউনাইট হিয়ার এর প্রধান অর্থনীতিবিদ মার্ক লেবিনসন প্রমুখ উপস্থিত ছিলেন।