২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকের সভায় ২,৩৬৮ কোটি টাকার ১২টি প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (একনেক) কার্যনির্বাহী পরিষদের সভায় বিভিন্ন খাতের  দুই হাজার তিন শ ৬৮ কোটি টাকার ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

প্রকল্প সাহায্য হিসেবে আসবে ১৪ শ ৫০ কোটি টাকা আর বাকি ৯শ ১৮ কোটি টাকা দেবে সরকার।

পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বৃহস্পতিবার একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বলেন, বৈঠকে যে সব প্রকল্প অনুমোদন করা হয় তার মধ্যে রয়েছে, বন্যা ক্ষতিগ্র¯তদের আশ্রায়ন প্রকল্প, পূর্বাঞ্চলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প, পর্যায়-২।

শুধুমাত্র এ তিনটি প্রকল্পের ব্যয়ই ১৭শ ৬৪ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্যই ১৩ শ ৫৬ কোটি টাকা।

এছাড়া একনেক সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলি হচ্ছে ৩১ দশমিক ৭৫ কোটি টাকার বরিশাল সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ৫০ কোটি টাকা ব্যয়ে নওগাঁ-আত্রাই-নাটোর সড়ক, ৫০ কোটি টাকা ব্যয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট মহানগরীর রাস্তা, ড্রেন ও নিচু জমির উন্নয়ন, ২৬ দশমিক ৭১ কোটি টাকা ব্যয়ে অভ্যন্তরীণ নৌ পরিবহনের আধুনিকীকরণ, ৬২ কোটি টাকার পরিবেশ উন্নয়ন প্রকল্প এবং ৪২ দশমিক ৪৬ কোটি টাকার বন্যা পরবর্তী পানি সরবরাহ।

সরকার মহুরী-খোয়াই বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের পুরো খরচই বহন করবে। এ খাতে ১৫০ দশমিক ৭৫ কোটি টাকা ব্যয় হবে। এছাড়া সরকার বরেন্দ্র অঞ্চলে বন্যার পানি সংরক্ষণ ও সেচ প্রকল্পের একশ ৪১ দশমিক ৬৭ কোটি টাকার পুরো খরচই বহন করবে।

একনেকের বৈঠকে এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী আমিনুল হক, শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার ও কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান জানান, প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে সকল ধরনের অযোগ্যতা ও দুর্নীতি রোধ করার নির্দেশ দিয়েছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই প্রকল্পগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়নের গতি আরও তরান্বিত হবে যা জনগণের জীবযাত্রা ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাবে।