নিটওয়ার মেশিনারি আমদানি শুল্কমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্ব বোর্ড
দেশে নিটওয়ার কারখানা বিকাশের জন্য আগামী বাজেটে এ শিল্পে মেশিনারি আমদানির ক্ষেত্রে সকল শুল্ক প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
বাজেটপূর্ব আলোচনায় বুধবার নিটওয়ার ম্যানুফেকচারার্স অ্যাণ্ড এক্সপোর্টার্স অ্যাসেসিয়েশনের (বিকেএমইএ) প্রস্তাবের প্রেক্ষিতে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী এই আশ্বাস দেন।
বর্তমানে নিটওয়ার শিল্পের বিভিন্ন মেশিনারি আমদানির জন্য ৭ দশমিক ৫ থেকে ২৫ ভাগ পর্যন্ত শুল্ক প্রদান করতে হয়।
বিকেএমইএ নেতৃবৃন্দ রপ্তানিমুখী সকল নিটওয়ার শিল্পকে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ) থেকে আলাদা করে সকল ইউটিলিটি বিলের ভ্যাট প্রত্যাহার সংক্রান্ত সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন করার অনুরোধ জানান।
বিকেএমইএ সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান ও আবু আহমেদ সিদ্দিক, আলহাজ্ব আবদুর রাজ্জাক ও অন্যান্য পরিচালকগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
