২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ করদাতা ত্রিশজনকে ভিআইপি মর্যাদা দিচ্ছে সরকার

সরকার তিনটি ক্যাটাগরিতে এককভাবে সর্বাধিক কর পরিশোধকারীদের মধ্য থেকে ত্রিশজনকে বেছে নিয়ে ভিআইপি মর্যাদা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে বলে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 09:39 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব খায়রুজ্জামান চৌধুরী জানান, বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত  চূড়ান্ত করা হয়।

এনবিআর সূত্র জানায়, দেশে বর্তমানে ব্যক্তি পর্যায়ে কর পরিশোধকারীর সংখ্যা প্রায় ১৭ লক্ষ। বিগত বছরের চেয়ে যা  প্রায় তিন লক্ষ বেশী এবং এ সংখ্যা আরও বাড়াতে সরকার ব্যাপক চেষ্টা করছে।

সূত্র আরও জানায়, আমদানিকারক, রপ্তানিকারক এবং প্রবাসী বাংলাদেশী, এই তিন ক্যাটাগরির প্রতিটিতে দশজন করে মোট ত্রিশজন সর্বোচ্চ করদাতাকে ভিআইপি মর্যাদা প্রদানের জন্য জন্য নির্বাচিত করা হবে। এ জন্য তাঁরা এক অর্থ বছর মেয়াদী একটি বিশেষ পরিচয় পত্র পাবেন।

এ ছাড়া সরকার এই ভিআইপিদের সহজে ব্যাংকঋণ এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে বিশেষ অগ্রাধিকারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে।

মন্ত্রী পরিষদ বিভাগ, বিনিয়োগ বোর্ড, স্বরাষ্ট্র, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ওই বৈঠকে সভাপতিত্ব করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী।