২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার ইন্ডিয়া ২ দশক পর ঢাকা থেকে আবার ফ্লাইট চালু করতে যাচ্ছে

প্রায় দুই দশক পর এয়ার ইন্ডিয়া ঢাকা থেকে আবার ফ্লাইট চালাতে যাচ্ছে। ভারতের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি ৪ জুন ঢাকা থেকে তিনটি আন্তর্জাতিক রুটে যাত্রীবাহি ফ্লাইট পরিচালনা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 06:26 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এয়ার ইন্ডিয়ার ঢাকা অফিসের কর্মকর্তা নারায়ন সাহা মনি বিডিনিউজকে জানান, দ্বিতীয় পর্বে এয়ার ইন্ডিয়া ৪ জুন ঢাকা-কলকাতা-লন্ডন, ঢাকা-দিল্লী ও ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালাবে। প্রতিটি রুটেই সপ্তাহে তিনটি করে ফ্লাইট চলবে।

তিনি জানান, তবে ওই তিনটি রুটে এয়ার ইন্ডিয়ার যাত্রী ভাড়া কত হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

বিমান সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লী রুটে যাত্রী ভাড়া প্রায় ৪৬৯ ডলার (২৯ হাজার ১১৫ টাকা) এবং ঢাকা কলকাতা রুটে ভাড়া প্রায় ১৮৮ ডলার (১১ হাজার ৭১১ টাকা)। বিমানের ঢাকা-কলকাতা-লন্ডন রুটে অবশ্য ফ্লাইট নেই। ঢাকা-লন্ডন রুটে বিমানের যাত্রীভাড়া প্রায় ৫৬১ ডলার (৩৪ হাজার ৮০০ টাকা)।

এভিয়েশন সূত্র জানায়, ১৯৭২ সালে বাংলাদেশ বিমান যাত্রা শুরু করলে দু দেশের আকাশচুক্তি অনুযায়ী ভারতের জাতীয় পতাকাবাহী এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্স ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। তবে বাংলাদেশ বিমানের তুলনায় বরাবরই এ দুটি ভারতীয় এয়ারলাইন্স এদেশে অনেক কম ফ্লাইট পরিচালনা করেছে। যাত্রী সংখ্যা কম হওয়ায় লোকসানের আশংকায় ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়া বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালানা বন্ধ করে দেয়।

কিন্তু এখন বিশ্বে এভিয়েশন ব্যবসার প্রতিযোগিতা বাড়ায় এয়ার ইন্ডিয়া তাদের আন্তর্জাতিক রুট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে তারা ঢাকা থেকে আবার ফ্লাইট চালু করতে যাচ্ছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রুটে এয়ারলাইন্সটি সরাসরি ফ্লাইট চালু করেছে। তারা ঘোষণা দিয়েছে ৫০টি বোয়িং উড়োজাহাজ কেনার। ১৯৩২ সালে একটি এক ইঞ্জিন বিশিষ্ট পাস মথ উড়োজাহাজ দিয়ে এয়ার ইন্ডিয়ার যাত্রা শুরু হয়।