মে মাসের মধ্যে পে কমিশন বস্তবায়িত হবে : অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মে মাসের মধ্যে নব গঠিত পে কমিশন কার্যকর করার কথা পুর্নব্যক্ত করেছেন।
অর্থমন্ত্রণালয়ে সোমবার ‘অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের’ সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রীর পুর্ব ঘোষণানুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এদিকে, মন্ত্রিপরিষদ সচিব ড. সাজ্জাদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি পর্যালোচনা কমিটি সোমবার এক বৈঠকে পে কমিশনের রিপোর্ট মুল্যায়নের পর তা চূড়ান্ত করা হয়েছে।
ওই বৈঠকের একটি সূত্র জানায়, কমিটি চার থেকে পাঁচটি সুপারিশ করেছে। রিপোর্টটি মে মাসের প্রথম সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
অত:পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।
এর আগে সরকার গত বছরের জুলাই মাসে ৬ষ্ঠ জাতীয় পে কমিশন গঠন করে। রিপোর্ট জমা দেয়ার জন্য কমিশনকে ছয় মাসের সময়সীমা বেধে দেয়া হয়। কিন্তু ভয়াবহ বন্যার কারণে রিপোর্ট জমা দেয়ার সময়সীমা ডিসেম্বর ৩১, ২০০৪ তারিখ থেকে জানুয়ারি ৩১, ২০০৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কমিশনের চেয়ারম্যান এবং সাবেক কেবিনেট সচিব মুজিবুল হক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে কমিশনের রিপোর্ট হস্তান্তর করেন।
কমিটি ২০ স্তর বিশিষ্ট বেসিক বেতন কাঠামোর প্রস্তাব করে।
কাঠামোতে সর্বোচ্চ বেসিক বেতন ২৭ হাজার ৫০০ টাকা ও সর্বনিম্ন দুই হাজার ৮০০ টাকার সুপারিশ করা হয়।
