২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটা বিনিয়োগ থেকে বাংলাদেশ বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করবে: টাটা

ভারতীয় টাটা গ্রুপ বলেছে, এর সার, স্টিল এবং বিদ্যুত ইউনিট স্থাপনের পর এ থেকে বাংলাদেশ বছরে এক বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করবে। শনিবার জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের সাথে বৈঠককালে টাটা প্রতিনিধি দল এ তথ্য প্রকাশ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন টাটা হোল্ডিংস এর নির্বাহী পরিচালক এলান রোজলং এবং বাংলাদেশ প্রকল্পের প্রধান মানজার হোসেন।

টাটা প্রতিনিধি দল বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমানের সঙ্গেও সাক্ষাত করে।

ভারত-বাংলাদেশ বর্তমান সীমান্ত পরিস্থিতির প্রেক্ষিতে টাটার বিনিয়োগ প্রস্তাব নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মাহমুদুর রহমান বলেন, এটা কোন সমস্যা না। এ জাতীয় বিনিয়োগ বরং দু’ দেশের সম্পর্ক আরো উন্নয়নে ভূমিকা রাখে।

টাটা বাংলাদেশে আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ করে চট্টগ্রামে এক মিলিয়ন টন ক্ষমতার একটি সার কারখানা, সিরাজগঞ্জে ১,০০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র এবং ঈশ্বরদীতে প্রায় আড়াই মিলিয়ন টন ক্ষমতার স্টিল মিল করতে চায়।

সাংবাদিকদের কাছে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, টাটা আগামী ছয় মাসের মধ্যে বিভিন্ন চুক্তি, জ্বালানি প্রাপ্তির সম্ভাবনা ও সমস্যা এবং প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সংস্থার সাথে জড়িত কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করতে আগ্রহ প্রকাশ করেছে।

প্রতিমন্ত্রী জানান, টাটা আবারো বাংলাদেশে কয়লা অনুসন্ধানের বিষয়টি প্রধান্য দেয়। টাটার পক্ষ থেকে জানানো হয়, খনি উন্নয়নের পর কয়লা বিদ্যুত উৎপাদনে ব্যবহার করা হবে। অতিরিক্ত কয়লা রপ্তানি করা হবে ভারতে। টাটা বড়পুকুরিয়ার এলাকার মধ্যেই কয়লা অনুসন্ধানের লাইসেন্স চায়।

তবে টাটাকে লাইসেন্স দেয়া সম্ভব কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা পেট্রোবাংলার মতামত চেয়েছি। সেটা পাওয়ার আগে কিছু বলা যাবে না।

গ্যাস সংকটের এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামে টাটাকে সার কারখানার জন্যে গ্যাস দেয়া সম্ভব কিনা এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সকল সম্ভাবনার দিক পেট্রোবাংলা খতিয়ে দেখবে।

টাটার প্রতিনিধি দল আগামী দু‘দিনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শিল্প মন্ত্রী মওলানা মতিউর রহমান নিজামী এবং বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে সাক্ষাত করবেন বলে জানা গেছে।