সাভার ট্রাজেডির শিকার শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার করেছে বিজিএমইএ
বাংলাদেশ তৈরি পোষাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি( বিজিএমইএ) শনিবার জানায়, তারা দুর্ঘটনায় আহত নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং ঘটনার তদন্ত নিশ্চিত করতে স্পেকট্রাম গার্মেন্টসের মালিকের সাথে যোগাযোগ করছে।
সাভার ট্রাজেডির ব্যাপারে গঠিত বিজিএমইএ তদন্ত কমিটির চেয়ারম্যান আলী আজম খান বলেন, কারখানাটির মালিক শাহরিয়ার হোসেনকে সব সময় পাওয়া যায় না তাই তারা যোগাযোগ করছেন এর মহাব্যবস্থাপক এবং তার আত্মীয় স্বজনদের সাথে।
তিনি নিশ্চত করে জানান যে, শাহারিয়ার হোসেন দেশ ত্যাগ করেনি।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিজিএমইএ’র পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে সে বিষয়টি অবগত করার জন্য তদন্ত কমিটি শনিবার সংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে।
সভায় বিজিএমইএর নির্বাহী কমিটির সহ-সভাপতি ফয়সাল সামাদ, তদন্ত কমিটির সদস্য ও শ্রমিক নেতা সেলিম ভুঁইয়া এবং তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।
আলী আজম খান আরও বলেন, তারা ফ্যাক্টরির মালিকের পক্ষে কাজ করছেন। তবে শাহরিয়ার হোসেন কোথায় আছেন তারা বলতে পারেননা। তারা মালিকের সাথ ফোনে যোগাযোগ রক্ষা করছেন বলে জানান।
ঘটনায় বিজিএমইএ’র আশাপ্রদ সাড়া পাওয়া যায়নি সংবাদ মাধ্যমের এমন প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি বলেন, দুর্ঘটনার পর পরই আমরা জরুরি ভিত্তিতে মেডিকেল টিম ও এ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি।
শুক্রবার পর্যন্ত বিজিএইএ তার তাহবিল থেকে পাঁচ লাখ ৪২ হাজার টাকা আহতদের চিকিৎসা খাতে ব্যয় করে এবং প্রতিটি নিহতের পরিবারকে এক লাখ টাকা করে দেয়া হবে বলে চেয়ারম্যান জানান।
বিজিএ্মইএ’র তথ্য অনুসারে ১১ এপ্রিল সাভারের গার্মেন্টস ফ্যাক্টরির নয়তলা ভবন ধসে ৭৪ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে।
