২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী নিটওয়্যার কেনার ক্ষেত্রে কর্ম পরিবেশ ও নিরাপত্তা আয়োজনকেও বিবেচনা করছে বিদেশী ক্রেতারা

বাংলাদেশ থেকে নিটওয়্যার কেনার ক্ষেত্রে পণ্যের গুণগত মান ও প্রতিযোগিতামূলক মূল্যের পাশাপাশি পোশাক কারখানাগুলোর সার্বিক পরিবেশ এবং বাধ্যতামূলক নিরাপত্তা আয়োজনকেও অন্যতম শর্ত হিসেবে বিবেচনা করছে বিদেশি ক্রেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) এবং সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফেসিলিটি (এসইডিএফ)-এর যৌথ উদ্যোগে সোমবার হোটেল শেরাটনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

এসইডিএফ মহাব্যবস্থাপক অনিল সিনহা বলেন, কারখানাগুলোর সামাজিক ভূমিকা সম্প্রসারণ নিটওয়্যার রপ্তানি বাড়ানোর অন্যতম শর্তবিশেষ। সেই সাথে লিড টাইম, পণ্যের গুণগত মান এবং মূল্যের বিষয়টিকেও বিবেচনায় রাখতে হবে।

সেমিনারে বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী এবং বিকেএমইএ সভাপতি ফজলুল হকও বক্তব্য রাখেন।

বিকেএমইএ সভাপতি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকে থাকতে হলে আমাদের অবশ্যই মানসম্মত এ্যাপারেল সোর্সিং প্র্যাকটিস নিশ্চিত করতে হবে।

মার্কিন বাজারে নিটওয়্যার রপ্তানি বাড়াতে আগামী সেপ্টেম্বরে বিকেএমইএ সেখানে একক বাণিজ্য মেলা আয়োজন করবে বলেও তিনি জানান।

বায়িং হাউজসমূহের উপর রপ্তানিকারকদের অতি নির্ভরশীলতাকে দুর্বলতা হিসেবে চিহ্নিত করে বাণিজ্যমন্ত্রী বলেন, ক্রেতাদের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে মানব সম্পদের উন্নয়ন ঘটাতে হবে।

সেমিনারে নিটওয়্যার রপ্তানি বাড়াতে কারখানা সমূহের নিরাপত্তামান, উৎপাদন ও ব্যবস্থাপনাগত দক্ষতা, রপ্তানিকারকদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং বাজার উন্নয়ন উদ্যোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।