২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব বাইপাস নির্মাণে পৃথক কর্তৃপক্ষ সংক্রান্ত বিশ্বব্যাংকের দাবি প্রত্যাখ্যান করলেন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ঢাকায় সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ পূর্ব বাইপাস প্রকল্প বাস্তবায়নের জন্য পৃথক কর্তৃপক্ষ সংক্রান্ত বিশ্বব্যাংকের দাবিকে প্রত্যাখ্যান করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

প্রকল্প বাস্তবায়নে বর্তমান প্রতিষ্ঠানগুলোর দক্ষতা আরও বৃদ্ধি করে এই বৃহৎ প্রকল্পের কাজ পরিচালনা করা সম্ভব। পরিকল্পনা মন্ত্রণালয় কার্যালয়ে সোমবার প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, নতুন কর্তৃপক্ষ নিয়োগে বিশ্বব্যাংকের একটি কৌশল রয়েছে। বাংলাদেশের পরিবেশ ও অন্যান্য প্রেক্ষাপট সমন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হয়েই এমআইটিতে পড়াশুনা শেষে ওই কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব ও পরামর্শদানের জন্য বাংলাদেশে এসেছে।

পরবর্তীতে ব্যক্তিগত রিট পিটিশনের প্রেক্ষিতে বছরের পর বছর প্রকল্প ঝুলে থাকে।

তিনি বলেন, বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ বিভিন্ন নতুন সংস্থা প্রতিষ্ঠা করেছে। ডেসা ও ওয়াসার মতো নতুন প্রতিষ্ঠান আমাদেরকে প্রত্যাশিত ফলাফল প্রদানে ব্যর্থ হয়েছে।

ঢাকা সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ পূর্ব বাইপাস প্রকল্প একটি বহুমাত্রিক ও জটিল পরিকল্পনা। বস্তুতপক্ষে এটা অল্প সময়ের মধ্যে নেওয়া হয়েছে।

প্রকল্পের ব্যাপকতা এবং আর্থিক বিষয় সম্পর্কে মন্ত্রী বলেন, প্রকল্প পরিচালনার মতো ক্ষমতা ও অর্থ আছে কিনা এ ব্যাপারে আমাদের অনেক গবেষণা করতে হবে।

তিনি প্রকল্পের বিভিন্ন কাজ বিভিন্ন এজেন্সির মধ্যে ভাগ করে দিতে এবং সমগ্র প্রকল্প পর্যবেক্ষনের জন্য একটি ষ্টিয়ারিং কমিটি গঠনের কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এটি একটি সমন্বিত প্রকল্প এবং এ বিষয়ে যে আরও গবেষণা প্রয়োজন তা বিশ্বব্যাংককে অভিহিত করার জন্য আমি এক্সটার্নাল রিসোর্স বিভাগকে বলেছি।

প্রকল্পের ভবিষ্যত সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, আমরা প্রকল্পের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করি এবং নিষ্ঠার সাথে তা সম্পন্ন করতে চাই।

তিনি বলেন, আগামী অর্থবছরের আগে প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা নেই, ব্যাপারটি আমি জানি।

১৯৯৯ সালের ৩ ফেব্র“য়ারি একনেক সভায় এই প্রকল্পের পিসিপি (প্রজেক্ট কনসেপ্ট পেপার) অনুমোদিত হয়। প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে পানি উন্নয়ন বোর্ডের নাম প্রস্তাব করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা ওয়াসা, ঢাকা সিটি কর্পোরেশন, ভূমি মন্ত্রণালয়, বন ও পরিবেশ অধিদপ্তর এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহযোগী বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে।

প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৭৫ দশমিক ৮২ কোটি টাকা। যার মধ্যে ৮২১ দশমিক ৬৫ কোটি টাকা বৈদেশিক মুদ্রা এবং অবশিষ্ট ১ হাজার ৬৫৪ দশমিক ১৬ কোটি টাকা স্থানীয় মুদ্রা।

প্রকল্প ব্যয় সম্পর্কে মন্ত্রী বলেন ১৯৯৯ সালে প্রকল্প তৈরির সময় এই ব্যয় ধরা হয়েছিল। কিন্তু ২০০৫ সালে বাস্তবায়নের সময় প্রকল্প ব্যয় তিন হাজার কোটি টাকার কম লাগবে না।