আমলাতান্ত্রিক জটিলতার কারণে জিডিপি নির্ধারণে সংস্কার কর্মসূচি থমকে আছে
আমলাতান্ত্রিক জটিলতার কারণে জিডিপি নির্ধারণের পরিবর্তিত নিয়ম পুনঃপর্যালোচনা সংক্রান্ত সরকারি উদ্যোগ এখনও প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে।
প্রখ্যাত অর্থনীতিবিদ ড. ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রধান করে একটি উপদেষ্টা কমিটি গঠন করার পর প্রায় দুই মাস পার হলে গেলেও জিডিপি নির্ধারণে প্রস্তাবিত সংস্কার পরিকল্পনা প্রণয়ন, পরিচালনা ও বাস্তবায়নের জন্য নির্বাহী কমিটি এখনও গঠিত হয়নি।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের সভাপতিত্বে গত ফেব্র“য়ারিতে অনুষ্ঠিত বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণকারী এক বিশেষজ্ঞ জানান, নির্বাহী কমিটির প্রধান কে হবে সে নিয়ে আমলাদের অনেকের মধ্যে মতভেদ দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এর আগে মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডঃ কাজী মেজবাহউদ্দিন আহমেদকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। কিন্তু কমিশনের কিছু কর্মকর্তা এ সিদ্ধান্তের বিরোধীতা করেন।
পরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালককে নির্বাহী কমিটির চেয়ারম্যান করা হয়। এক্ষেত্রেও কিছু কর্মকর্তা বিরোধীতা করেন। তারা বলেন, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক একজন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা। তাই তিনি উচ্চ পর্যায়ের নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হতে পারেন না।
ডঃ ওয়াহিদুদ্দিন মাহমুদ বিডিনিউজকে বলেন, প্রাপ্ত তথ্য যথাযথভাবে যাচাই ও বাস্তবায়নের জন্য সরকারকে পরিসংখ্যান ব্যুরো, সাধারণ অর্থনীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ সমন্বয়ে একটি সাধারণ বিভাগ গঠন করতে হবে।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলেন, আমরা যে পদ্ধতিতে আয়, ব্যয় ও সঞ্চয় হিসাব করি তা পুরনো ধাঁচের। এজন্য এর পরিবর্তে বৈজ্ঞানিক উপায়ে তথ্য সংগ্রহ করা উচিত।
তিনি বলেন, উৎপাদন ও সঞ্চয় ধারায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা দরকার। এছাড়া জিডিপি নির্ধারণের জন্য পণ্য ও বানিজ্য সেক্টরকে বিবেচনায় আনতে হবে।
মন্ত্রী বলেন, নতুন অনেক সেক্টর আছে যেগুলোকে গণনা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অন্তর্ভূক্ত করা সম্ভব হয়নি।
মন্ত্রী আরও বলেন, জাতীয় গণনা ব্যবস্থা আরও গ্রহণযোগ্য করে তুলতে হবে। এজন্য হারিয়ে যাওয়া ও পরোক্ষ সেক্টরসহ সকল সেক্টরকে এর আওতায় নিয়ে আসতে হবে।
তিনি বলেন, জিডিপি নির্ধারণের জন্য সামষ্টিক অর্থনীতি যাতে নির্ভরযোগ্য হয় সেজন্য কমিটি মাঠ পর্যায়ে জরিপ করবে।
এর আগে সরকার ১৯৯৫-৯৬ বছরকে ভিত্তি বছর ধরে জিডিপি নির্ধারণ করত।
