ছয় মাস ধরে বন্ধ বরিশাল কাউনিয়া টেক্সটাইল মিলস্: শ্রমিকদের দুর্ভোগ
বরিশালের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কাউনিয়া ফাইভ আর টেক্সটাইল মিলস লিমিটেড লে-অফের কারনে গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে। উন্নত যন্ত্রপাতি সংযোজনের অজুহাতে লে-অফ ঘোষিত মিলটি দফায় দফায় খোলার তারিখ পরিবর্তন করলেও কবে নাগাদ চালু হবে তা কর্তৃপক্ষ জানাতে পারেনি।
এদিকে মিল খোলার জন্য অপেক্ষমান সাড়ে সাত শতাধিক বেকার শ্রমিক বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।
জানা যায়, পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত রাষ্ট্রায়ত্ত্ব মিলটি ১৯৯৩ সনে তৎকালীন বিএনপি সরকার লোকসানের অজুহাতে বন্ধ করে দেয়। পরে ১৯৯৫ সালে স্থানীয় খান সন্স গ্র“প সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে মিলটি কিনে নেয়।
বিগত অক্টোবর মাসে নতুন যন্ত্রপাতি বসানোর কারণ দেখিয়ে কর্তৃপক্ষ মিলে লে-অফ ঘোষণা করে এবং চলতি বছর জানুয়ারি মাসে পুনরায় খোলার প্রতিশ্র“তি দেয়। কিন্তু ইতোমধ্যে আরও সাড়ে তিনমাস অতিক্রান্ত হলেও মিল খোলার বিষয়ে কর্তৃপক্ষ কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছায়নি।
এ ব্যাপারে মিলের ব্যবস্থাপক (প্রশাসন) মুহম্মদ বোখারী বলেন, মিলটি পুনরায় কবে চালু হবে সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তবে তিনি বার বার মিল খোলার তারিখ পরিবর্তনের কথা স্বীকার করেন।
এদিকে আয়-উপার্জন বন্ধ থাকায় অমানবিক দুর্ভোগ পোহাচ্ছে মিলের সাড়ে সাত শতাধিক শ্রমিক। বর্তমানে মিলের বেকার শ্রমিক ইস্কান্দার আলী জানায়, কর্তৃপক্ষের কাছে আমাদের অনেকেরই বেতন বকেয়া থাকায় আমরা অন্য কোথাও চাকুরি খুঁজতে যেতে পারছি না। আবার মিলটি কবে চালু হবে বা আদৌ হবে কিনা তাও স্পষ্ট করে জানানো হচ্ছে না।
