২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব ঘাটতি পূরণ করা সম্ভব বলে আশা করছেন সাইফুর রহমান

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে রাজস্ব আয়ে চার হাজার কোটি টাকার বেশি ঘাটতি থাকলেও বাকি সময়ে এই ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব হবে বলে আশা করছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ)-

ভ্যাট, কাস্টমস ও আয়কর কর্মকর্তাদের সাথে দুটি পৃথক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ভ্যাট ও কাস্টমসের ক্ষেত্রে আমাদের আয় কম হলেও আয়কর আদায়ে আমরা সফল হয়েছি’।

তিনি বলেন, এই ঘাটতির কারণে পরবর্তী বাজেটে কোনও প্রভাব পড়বে না। কেননা সরকারের হাতে পর্যাপ্ত অর্থ রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, কাস্টমস শুল্কের ঘাটতি আয়কর থেকে প্রাপ্ত অতিরিক্ত অর্থ দিয়ে পুষিয়ে নেওয়া হবে। তিনি বলেন, এ বছর ১৭ লাখেরও বেশি লোক কর প্রদান করেছে।

অপর্যাপ্ত জনশক্তি, ভ্যাটহীন পণ্যের আমদানি বৃদ্ধি, কর প্রদান করতে জনগণের অনীহা এবং সকল ক্ষেত্রে দুর্নীতি চলতি বছর রাজস্ব আয় কমে যাওয়ার কারণ বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে বলা হয়, চলতি অর্থবছরের নয় মাসেই ভ্যাটহীন পণ্য আমদানি বেড়েছে শতকরা ৪৫ ভাগ। এর ফলে রাজস্ব আয় অনেকটা কমে গেছে।

বৈঠক সূত্রে জানা যায়, ২০০৪-০৫ অর্থবছরের জানুয়ারি-ফেব্র“য়ারি সময়কালে বাংলাদেশ ১৬ হাজার কোটি টাকা মূল্যের ভ্যাটহীন পণ্য আমদানি করেছে। গত অর্থবছরে এর পরিমান ছিল ১১ হাজার কোটি টাকা।

এছাড়াও বাংলাদেশ এ বছর তিন মিলিয়ন টন কাঁচামাল আমদানি করেছে যার বেশির ভাগই ভ্যাটহীন। 

তবে এ পর্যন্ত রাজস্ব আয়ে আয়কর কর্মকর্তাদের অবদানের জন্য অর্থমন্ত্রী তাদের প্রশংসা করেন। যদিও তারা লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ইন্টেলিজেন্স সেল গঠনসহ অন্যান্য কৌশল অবলম্বন করেছে। এক্ষেত্রে অধিক কর প্রদানকারী সংস্থাগুলো সহায়তা করেছে।

কর আদায়ের সময় ব্যাংকের রশিদ পরীক্ষা করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সব সময় না করে মাঝেমধ্যে এটি করার জন্য কর্তৃপক্ষকে অনুমতি দেওয়া হয়েছে।

রাজস্ব বোর্ডের তথ্যানুযায়ী, সরকার এ বছর মার্চে আয় করেছে ২০ হাজার তিন’শ ৫৬ দশমিক ৩৫ কোটি টাকা যা গত অর্থবছরে ছিল ১৮ হাজার এক’শ ৬৫ দশমিক ৪৯ কোটি টাকা।  চার হাজার কোটি টাকার ঘাটতি থাকা সত্ত্বেও গত বছরের তুলনায় এ বছর শতকরা ১২ দশমিক ০৬ ভাগ বেশি রাজস্ব আদায় হয়েছে।