২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের নানা অভিযোগ, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি

ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মত বিনিময় সভায় ব্যবসায়ী নেতারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরের কাছে নানা অভিয়োগ তুলে ধরেন। তারা এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে দাবি করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ব্যবসায়ী নেতারা মত বিনিময় সভায় নেতারা বলেন, খুলনা থেকে একটি কভার্ড ভ্যান ঢাকায় আসতে তল্লাশীর নামে ১৮টি পয়েন্টে তিন হাজার ৬০০ টাকা পুলিশকে দিতে হয়।

একই অবস্থা হয় পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ অন্য এলাকা থেকে ঢাকায় আসতেও।

তারা আরও  বলেন, ২০০৪ সালে পরিবহন খাত থেকে সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ মাত্র ৫৪ কোটি টাকা আয় করলেও ব্যবসায়ীরা চাঁদাবাজদের দিয়েছেন ১ হাজার ৮৭৫ কোটি টাকা।

ব্যবসায়ী নেতারা পুলিশসহ চাঁদাবাজদের এ ধরণের তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে ব্যবসায়ী নেতারা পুলিশের দুর্নীতি ও অনিয়ম বন্ধে তাদের বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বেশ কিছু আইন সংস্কারের প্রস্তাব করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ব্যবসায়ীদের এসব অভিযোগের কথা শোনেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

রোববার ফেডারেশন ভবনে দেশের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। এফবিসিসিআই’ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।

সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র সচিব সফররাজ, পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাদিস উদ্দিন, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) আনোয়ারুল ইকবালসহ আনসারের ডিজি, ঢাকা রেঞ্জের ডিআইজি উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই’র পরিচালকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এতে খোলামেলা মত প্রকাশ করেন।