২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮৬০ মিলিয়নেরও বেশি টাকায় তিনটি সরকারি প্রতিষ্ঠান বিক্রির সিদ্ধান্ত

চলতি বেসরকারি করণ কর্মসূচির আওতায় প্রাইভেটাইজেশন কমিশন রবিবার এক সভায় ৮৬০ মিলিয়নেরও বেশি টাকায় তিনটি সরকারি প্রতিষ্ঠান (এসওই) বিক্রির জন্য প্রাপ্ত দরপত্র চূড়ান্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

প্রতিষ্ঠান তিনটি হলো-মহিমাগঞ্জের রংপুর সুগার মিল, সিলেট পাল্প এণ্ড পেপার মিলস এবং খুলনায় অবস্থিত বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ।

সভাশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী জানান, সভায় সর্বোচ্চ দরদাতাদের কাছে রূপালি ব্যাংক লিমিটেডের বেশিরভাগ শেয়ার বিক্রির গতি তরান্বিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ ব্যাপারে এক মাসের মধ্যে একটি বিশেষ বৈঠক আহ্বান করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, সর্বোচ্চ দরদাতাদের কাছে ব্যাংক বিক্রি করা হবে। তবে দরদাতাদের প্রাইওর ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে।

ফিনান্সিয়াল এডভাইজরি কমিটি এবং রূপালি ব্যাংক লিমিটেডের ওয়ার্কিং কমিটির রির্পোটের ভিত্তিতে প্রাইভেটাইজেশন কমিশন দরপত্র ছাড়বে বলে জানান এনাম আহমেদ চৌধুরী।

সরকারি প্রতিষ্ঠান তিনটি বিক্রির ব্যাপারে তিনি বলেন, ৪২৪ মিলিয়ন টাকার বিনিময়ে রংপুর সুগার মিল সর্বোচ্চ দরদাতা আনন্দ এলডোরাডো লিমিটেডের কাছে,  ৪২২ মিলিয়ন টাকায় সিলেট পাল্প এণ্ড পেপার মিলস নিলয় মটর্সের কাছে এবং ১৬ মিলিয়ন টাকার বিনিময়ে বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ বিক্রি করা হবে তুশুকা একুয়া কালচার লিমিটেডের কাছে।

এনাম আহমেদ বলেন, সবগুলো প্রতিষ্ঠানের জন্যই ভালো দাম পাওয়া গেছে। এতে সরকারি প্রতিষ্ঠান ক্রয়ে ব্যক্তিগত উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী মনে হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, ব্যক্তিগত উদ্যোক্তারা খুব শিগগির এ সমস্ত বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করবে এবং এতে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এই তিনটি প্রতিষ্ঠান বিক্রির মাধ্যমে বেসরকারিকরণ কর্মসূচির আওতায় ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত ৬৯ টি সরকারি প্রতিষ্ঠান বিক্রি করাা হলো।