২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যাপ্ত জনবল এবং অর্থের অভাবে স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট

আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাপনা এবং রপ্তানীক্ষেত্রে পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হলেও পর্যাপ্ত অর্থ ও জনবলের অভাবে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) কার্যত অচল হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বিএফটিআই-এর একজন কর্মকর্তা জানান, ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি একজন করে জুনিয়র প্রশাসনিক কাম হিসাব রক্ষন কর্মকর্তা, কম্পিউটার অপারেটর এবং পিয়ন, এই তিনজন স্টাফ নিয়ে চলছে। তিনি আরও জানান, সরকার পর্যাপ্ত অর্থ প্রদানের প্রতিশ্র“তি দিলেও এখনও তা বাস্তবায়িত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে একজন প্রধান নির্বাহি কর্মকর্তা নিয়োগ করার জন্য বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএফটিআই পরিচালনা পরিষদ ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। তবে এই কমিটি গঠনের দুই মাস পার হলেও উক্ত পদে এখনও নিয়োগ কার্য সম্পন্ন হয়নি।

বিশ্ব বাজারে বিভিন্ন বাণিজ্য সংস্থা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গতিবিধান করতে সক্ষম দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকারি-বেসরকারি যৌথ থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে ২০০৩ সালে বিএফটিআই আত্মপ্রকাশ করে।

ওই কর্মকর্তা আরও জানান, গঠনতন্ত্র অনুযায়ী বিএফটিআই সচল রাখার জন্য অন্ততঃ ২৮ জন ষ্টাফ থাকা দরকার।

উক্ত কর্মকর্তার মতে, প্রতিষ্ঠানটিতে নামকাওয়াস্তে কয়েকটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন থাকলেও পর্যাপ্ত জনবল ও তহবিলের অভাবে কোন গবেষণামূলক কাজই হচ্ছে না।

এইসব প্রশিক্ষণ কর্মসূচির বাইরে বিভিন্ন বাণিজ্য চুক্তি এবং আন্তর্জাতিক বিভিন্ন বাণিজ্য সংস্থায় দেশের কার্যকর অংশগ্রহন বিষয়ে বিএফটিআই বাংলাদেশী কূটনীতিকদের প্রশিক্ষণ দিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শিশির কুমার দেব।

তিনি বলেন, আমরা ষ্টাফ নিয়োগের ব্যাপারে এখনও আশাবাদী।

সরকার ইতোমধ্যে বিএফটিআই-এর জন্য দুই কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেও এখনও পর্যন্ত সে অর্থ ছাড় করেনি।

এছাড়া, বিএফটিআই-এর কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সরকারের সাথে সম্পাদিত এক’ চুক্তি অনুযায়ী ইউরোপীয় কমিশন ২ দশমিক ৩ মিলিয়ন ইউরো প্রদানের প্রতিশ্র“তি দিলেও এখনও তা পাওয়া যায়নি।

দেশী-বিদেশী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহনে ২০০৫ সালে আন্তর্জাতিক মানের ১৩ টি ওয়ার্কশপ এবং তিনটি সেমিনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বিএফটিআই-এর।