২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তবাজার অর্থনীতির প্রতিযোগিতায় টিকতে পণ্যের গুণগত মান নিশ্চিত করা দরকার : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি অধ্যাপক ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতির প্রেক্ষিতে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের গুণগত মান নিশ্চিত করা দরকার। একই সাথে পণ্যের ফিনিশিং, ডিজাইনিং ও প্যাকেজিং এর ক্ষেত্রেও উৎপাদনকারীদের সচেতন হতে হবে।

তিনি শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা (এসএমই ফেয়ার)’র সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রি (এফবিসিসিআই) ও স্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাংক যৌথভাবে এ মেলার আয়োজন করে।

সমাপণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী শাজাহান সিরাজ, বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু, এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, স্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান মোরাদ, আবুল কাশেম আহমেদ, এনায়েত হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসএমই খাতে সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মধ্যে ‘এফবিসিসিআই-স্ট্যাণ্ডার্ড চার্টার্ড বিজনেস অ্যাওয়ার্ড’ বিতরণ করেন। পরে তিনি অন্যদের সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, মুক্তবাজার অর্থনীতির কারণে সৃষ্ট প্রতিযোগিতার কারনে উৎপাদিত পণ্যের গুণগত মান, উপযোগিতা ও নান্দনিক উপস্থাপনা খুবই জরুরী ও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বা দেশীয় মেলা পণ্যের গুণগত মানের প্রদর্শনী ও প্রচারণার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর অবদান রাখে।

তিনি বলেন, মেলার মাধ্যমে ক্রেতা ও ভোক্তারা বিভিন্ন পণ্যের তুলনামূলক গুণাগুণ দেখার সুযোগ পায়। এ মেলার কারনে দেশীয় পণ্যের বাজার আরও বি¯তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও প্রসার এবং এর বিভিন্ন সমস্যা দূরীকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শাজাহান সিরাজ তার বক্তব্যে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টিতে বিরাজমান রাজনৈতিক অবস্থার অবসানে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, এ অবস্থার অবসানে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাকে এক টেবিলে বসাতে ব্যবসায়ীদের উদ্যোগ নিতে হবে।