যমুনা ব্রীজের যানবাহনের ওজন মাপার যন্ত্র ভেঙ্গে ফেলেছে সাবেক অপারেটর
যমুনা ব্রীজের ওজন মাপার যন্ত্র ভেঙ্গে ফেলেছে ব্রীজের সাবেক অপারেটর। এতে সরকার রাজস্ব থেকে বঞ্ছিত হচ্ছে। যোগাযোগ মন্ত্রনালয় অচিরেই সাবেক অপারেটর জোমাকের বিরুদ্ধে মামলা দায়ের করবে।
বুধবার যোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যোগাযোগ সচিব শফিকুল ইসলাম এ কথা জানান।
প্রতিদিন ৬,০০০ যানবাহন যমুনা ব্রীজ দিয়ে চলাচল করে। এর মধ্যে ট্রাক পন্যের ওজন অনুযায়ী টোল প্রদান করে থাকে।
সৈয়দ মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিমসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সিএনজি থ্রি হুইলার আমদানি এবং রুট পারমিট সংক্রান্ত যোগাযোগ মন্ত্রীর কথিত দূর্নীতি তদন্ত করতে গঠিত সাব কমিটির রিপোর্ট জমা দেয়া বিষয়ে জিগগেশ করলে এর প্রধান সাংসদ নাদিম মোস্তফা জানান, আগামী ২৬ এপ্রিল কমিটির পরবর্তী সভায় রিপোর্ট জমা দেয়া হবে।
নাদিম মোস্তফা কমিটির গত তিনটি সভা শেষেও একই উত্তর দিয়েছিলেন।
২০০৪ সালের জানুয়ারিতে এই সাব কমিটি গঠন করা হয়।
অন্যদিকে, ২০০৪ সালের ফেব্রয়ারিতে সিএনজি ফিলিং স্টেশনের ভূমি বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে আরও একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রধান মাহমুদুল হক রুবেল। তিনি বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন না।
