প্রধানমন্ত্রীর সাথে ইন্দোনেশীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নবনিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ওয়ার্মা হাসান সুপুত্র প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে রোববার তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী ইন্দোনেশীয় রাষ্ট্রদূতকে দায়িত্বপালন কালে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বাংলাদেশে ইন্দোনেশিয়া থেকে বিনিয়োগ আনতে সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান। এছাড়া তিনি ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের মেলামাইন, সিরামিক ও ফার্মাসিউটিক্যালস পণ্যের রফতানি বৃদ্ধির ব্যাপারে সহযোগিতা কামনা করেন।
ঢাকায় আগস্টে অনুষ্ঠিতব্য দু দেশের মধ্যকার যৌথ কমিশনের সভায় দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে রাষ্ট্রদূত জানান। এছাড়া তিনি ইন্দোনেশিয়ার বানদুং-এ ২২-২৪ এপ্রিল আফ্রো-এশীয় সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ওই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান, সুমাত্রার গর্ভনর আগামী ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবেন। ওই সময় দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুর্নব্যক্ত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতে দু দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।
