ঢাকার বাজারে চালের দাম কমলেও বাড়ছে তরিতরকারির দাম
ঢাকা মহানগরীর বাজারে একসপ্তাহে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে চাল ও মাংসের দাম কিছুটা কমেছে। তবে মাছ ও কাঁচা তরি-তরকারির দাম এখনও বাড়তির দিকে। মূল্যবৃদ্ধির পর বর্ধিত মুল্যেই স্থিতিশীল রয়েছে ডিম।
বিভিন্ন বাজার ঘুরে শুক্রবার দেখা যায়, চালের দাম কমেছে ৫০ পয়সা থেকে এক টাকা পর্যন্ত। গরুর মাংসের দাম ১০০ টাকায় নেমেছে আবারও। তবে মাছ ও কাঁচা তরিতরকারির দাম আবারও বেড়েছে।
শেওড়াপাড়া, ইব্রাহিমপুর, মোহাম্মদপুর টাউন হল ও শুক্রাবাদ বাজারে দেখা যায়, প্রতি কেজি স্বর্ণা ও লতা ২৮, নাজির শাল ২২ থেকে ২৪, মিনিকেট ২৪ থেকে ২৬, পাইজাম ২১ থেকে ২২, পারিজাত ২০ এবং ইরি সাড়ে ১৭ থেকে ১৮ টাকায় বিক্রি হচ্ছে।
গরুর মাংস ১০০ থেকে ১১০ টাকা এবং খাসির মাংসের দাম আগের দামেই ২২০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কোন কোন বাজারে ব্রয়লার মুরগী প্রতি কেজি ৭৫ থেকে ৮৫ টাকা দাম হাঁকা হলেও অনেক বাজারেই ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে দেশী মুরগীর দাম ১২০ থেকে ১৫০ টাকার মধ্যেই স্থিতিশীল ছিল।
বাজারে বড় ইলিশ ১২০ থেকে ১৪০, ছোট ইলিশ ১১০ থেকে ১২০, বড় রুই ১১০ থেকে ১২০, ছোট রুই ৮০ থেকে ৯০, কাতলা ৭০ থেকে ৮৫, পাঙ্গাস মাছ ১০০, মাগুর ৩০০ থেকে ৩৭০, বড় শিং মাছ ২৮০, ছোট শিং মাছ ১৫০ থেকে ১৮০, টেংরা ৭০ থেকে ৮০, পোয়া মাছ ১২০, খলসে ও তেলাপিয়া মাছ ৬০, চিংড়ী মাছ ১১০ এবং ছোট মাছ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের দাম প্রতি হালি দুই টাকা বেড়ে ১৬ টাকায় স্থিতিশীল হয়েছে।
আলু ছয় থেকে সাত, টমেটো ১২, গাজর ১২, ক্ষিরা ১৪, শসা ১৬ থেকে ২০, বেগুন ২০ থেকে ২৪, ঢেঁড়স ১৬ থেকে ২০, করলা ২০ থেকে ২৪ এবং উস্তে ১৮ থেকে ২০ টাকায় স্থিতিশীল রয়েছে। তবে সীম ২২, মিষ্টি কুমড়া আট, লাউ ১০, পটল ২০, কচুর লতা ১৮ এবং ঝিংগে ও চিচিঙ্গা ১৮ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবুর দাম বাজার ভেদে আট টাকা থেকে ১২ টাকা।
শাকের দাম কিছুটা কমের দিকে। পাট শাক প্রতি আঁটি তিন, লাল শাক পাঁচ, লাউ শাক পাঁচ থেকে আট, ডাটা শাক চার এবং পুঁই শাক প্রতি কেজি ১০ টাকা।
পেঁয়াজের দাম কমে ১২ থেকে ১৬, নতুন রসুনের দাম ১০, পুরনো ও শুকনো রসুনের দাম ৩৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
