ওয়ার্ল্ডটেল এ বছরই ঢাকায় দেড়লাখ ল্যাণ্ডফোন সংযোগ দেবে
ওয়ার্ল্ডটেল এ বছর নগরীতে মোট দেড়লাখ ল্যাণ্ডফোন সংযোগ দেবে। রাজধানীতে ওয়ার্ল্ডটেলই হতে যাচ্ছে প্রথম বেসরকারি ল্যাণ্ডফোন সংযোগদাতা কোম্পানি।
ওয়ার্ল্ডটেল কর্তৃপক্ষ বুধবার বিডিনিউজকে জানায়, প্রথম পর্যায়ে নগরীর ল্যাণ্ডফোনের চাহিদা অনুযায়ী দেড়লাখ সংযোগ দেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে।
লণ্ডনভিত্তিক কোম্পানিটির ঢাকা অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম চৌধুরী বলেন, নগরীতে তাদের ৩ লাখ ফোনের সংযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে। জুলাইয়ের মধ্যেই এ প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরও বলেন, এতে টিএণ্ডটির মতই কলচার্জ রাখা হবে এবং প্রতিটি সংযোগের জন্য ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, কেউ যদি গ্রাহক হতে চান তাহলে আবেদন করার ২৪ ঘন্টার মধ্যেই সংযোগ দেয়া হবে।
নাঈম চৌধুরী বলেন, ৩ লাখ সংযোগ দেয়ার জন্য আমরা দেড়শ’ মিলিয়ন ডলার বিনিয়োগ করছি।
২০০১ সালে ঢাকা জোনে টেলিফোন সংযোগ প্রদানের জন্য ওয়ার্ল্ডটেল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদন পেলেও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন ২০০৪ সাল পর্যন্ত তা আটকে রাখে।
সম্প্রতি বিটিআরসি’র ক্লিয়ারেন্স পায় ওয়ার্ল্ডটেল ।
ওয়ার্ল্ডটেল কর্মকর্তা আরও জানান, ঢাকায় বিশ্বমানের টেলিনেটওয়ার্ক গড়তে কোম্পানিটি সব ধরনের সুযোগ সুবিধা ও সেবা প্রদান করবে।
এছাড়া তারা এই সেবার সাথে সাথে ভয়েস এবং ডাটা এন্ট্রি সুবিধাও দেবে বলে ওই কর্মকর্তা জানান।
তিনি আরও জানান, নতুন নেটওয়ার্ক হবে মূলত ওয়ারলেস ভিত্তিক। আইএসডি নেটওয়ার্কসহ ইন্টারনেট সুবিধা ও অন্যান্য অনেক সুবিধা দেওয়া হবে।
এদিকে বিটিআরসি রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা অঞ্চলে ২০টিরও বেশি বেসরকারি কোম্পানিকে টেলি সংযোগের অনুমোদন দিয়েছে। চলতি বছরের মধ্যে কোম্পানিগুলো ওইসব এলাকায় তিন লাখ সংযোগ দেয়ার অনুমোদন পেয়েছে।
