দেশব্যাপী শিল্প-ধর্মঘট শুরু
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ আহুত দুদিন ব্যাপি শিল্প-ধর্মঘট মঙ্গলবার থেকে দেশের শিল্প এলাকাসমুহে শুরু হয়েছে। ধর্মঘটের প্রথম দিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে স্কপ নেতারা দাবী করেছেন।
ঐক্য পরিষদের সমন্বয়কারী ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডাঃ ওয়াজেদুল ইসলাম খান বিডিনিউজকে জানান, সারা দেশের শিল্প এলাকা সমুহে পুরোদমে শিল্প-ধর্মঘট পালিত হচ্ছে।
তিনি বলেন, খালিশপুর থেকে আত্রা ফুলবাড়ী গেট পর্যন্ত এলাকার মিল এবং ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল। চট্টগ্রামের বেশীরভাগ শিল্প কারখানা বিশেষ করে পাট এবং টেক্সটাইল মিলগুলোর কার্যক্রম অচল হয়ে পড়েছিল।
একজন স্কপ নেতা বলেন, আমরা আশা করি আমাদের দাবী পুরণে এ ধর্মঘট সরকারকে ভাবিয়ে তুলবে।
ঢাকার মতিঝিল বাণিজ্যিক এলাকায় সকালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ একটি মিছিল বের করে। মিছিলে অন্যান্যের মধ্যে বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতারাও অংশগ্রহন করেন। মিছিলটি সদরঘাট এসে থেমে যায়। স্কপের আরেক সুত্রে জানা যায়, তেজগাঁও, ফতুল্লা এভং নারায়ণগঞ্জ শিল্প এলাকার অনেক শ্রমিকই কাজে যোগ দেয়নি।
তেজগাঁও শিল্প এলাকার সানসাইন, নাসা এবং আমিন গার্মেন্টস মূলত অকার্যকর হয়ে পড়েছিল। বেঙ্গল ডাইং এবং ফতুল্লার চিটাগাং ষ্টীল ওয়ার্ক লিমিটেড’র মত বড় ধরনের শিল্প প্রতিষ্ঠানও ধর্মঘটের ডাকে বন্ধ ছিল। কো-অপারেটিভ শিল্প সংস্থা, গোদনাইল জুট বেলিং এবং নারায়লগঞ্জের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে কাজে যোগ দেয়নি।
স্কপ সুত্রে বলা হয়, বন্দর নগরী চট্টগ্রামের অনেক মিল এবং ফ্যাকটরিতে শ্রমিকরা কাজে যোগ দেয়নি। হাফিজ জুট মিল, আমিন জুট মিল, পাহাড়তলী টেক্সটাইল এবং বন্দরনগরীতে শিল্প কর্মের সাথে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানগুলোও বন্ধ ছিল।
ধর্মঘটের জন্য চট্টগ্রাম এবং খুলনার আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকে।
ঢাকার সদরঘাটে ধর্মঘটের বিরুদ্ধে কিছু বিচ্ছিন্ন ঘটনা লক্ষ্য করা গেলেও তেমন কোন দুর্ঘটনা সংঘটিত হয়নি।
ডাঃ ওয়াজেদ বিডিনিউজকে জানান, ধর্মঘটে সাড়া দিয়ে সদরঘাট থেকে কোন ধরণের মালবোঝাই নৌযান চলাচল করেনি।
