রাজধানীতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা শুরু
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোমবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা ২০০৫। স্থানীয় পণ্য পরিচিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেলার উদ্বোধন করেন। তিনি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সহযোগিতা বৃদ্ধির কথা জানান।
মেলার আহ্বায়ক এনায়েত হোসেন চৌধুরী বলেন, জনগণকে আমাদের পণ্যের সাথে পরিচিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের দেশে বেশকিছু মানসম্পন্ন পন্য উৎপাদিত হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত সেসব পণ্যের সাথে দেশের লোকজনের পরিচিতি ঘটেনি।
এই খাতে এবার সাতজন সফল উদ্যোক্তাকে স্ট্যাণ্ডার্ড চাটার্ড-এফবিসিসিআই এসএমই পুরস্কার দেয়া হবে।
ড্রইং রুম সাজানোর পণ্য, আসবাবপত্র, হ্যান্ডিক্র্যাফটস, কার্পেট, গহনা, স্যানিটারি ও বাথরুম ফিটিংস, সফটওয়ার, কৃষিপণ্য, বৈদ্যুতিক সামগ্রী ও নক্সীকাঁথাসহ বিভিন্ন সামগ্রী মেলায় স্থান পেয়েছে।
মেলায় অংশ নেয়া অটবি’র একজন কর্মকর্তা বলেন, আমরা আমাদের আসবাবপত্র ভারত ও নেপালে রপ্তানি করছি এবং ইউরোপের বাজারে রপ্তানি করার চেষ্টা করছি।
মেলায় বিভিন্ন পণ্যের একশ’ ৩৮টি স্টল ও দুটি প্যাভেলিয়ান স্থান পেয়েছে। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা।
