রফতানি বহুমুখীকরণে তেমন উদ্যোগ নেই
দেশের রফতানি বাণিজ্যের বাজার সীমিত হওয়া সত্ত্বেও রফতানি বহুমুখীকরণে তেমন কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। এ ব্যাপারে বেশ কটি সরকারি কমিটির দিক-নির্দেশনা দেওয়ার কথা থাকলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না।
বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বিডিনিউজকে জানায়, প্রধানমন্ত্রীকে প্রধান করে রফতানি বিষয়ক যে জাতীয় কমিটি গঠন করা হয়েছে সে কমিটি বিগত দুই বছরে কোনও বৈঠকেই বসেনি। এতে করে গুরুত্বপূর্ণ ১১টি সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না।
সূত্র জানায়, ২০০৩ সালের ২৪ এপ্রিল কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ২০০৪ সালের ২২ এপিল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রায় এক বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও ওই বৈঠক অনুষ্ঠিত হয়নি।
এমএফএ পরবর্তীতে রফতানি বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করলেও তারা কার্যকর কোনও ভূমিকা রাখতে পারেনি।
দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী জানান, গার্মেন্টস, চিংড়ি ও চামড়ার বাইরে অন্য কোনও প্রধান রফতানি পণ্য নেই বললেই চলে। তিনি বলেন, বাংলাদেশ বিপজ্জনকভাবে গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাইরে বাজার দখলে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ।
তিনি বলেন, দেশের ৭৫ শতাংশ রফতানি আয় আসে গার্মেন্টস খাত থেকে। গত জানুয়ারি থেকে মাল্টি ফাইবার এগ্রিমেন্ট (এমএফএ) কার্যকর হওয়ার পর দেশের গার্মেন্টস খাত চরম ক্ষতির সম্মুখীন হয়। এমতাবস্থায় খাতটি আরও গুরুত্ব দাবি করে বলে তিনি জানান।
দেশের হিমায়িত খাদ্য রফতানি খাত ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইপিবি’র তথ্য অনুযায়ী, বর্তমান অর্থবছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ হিমায়িত খাদ্য রফতানি খাত থেকে ২৪৭ কোটি ৫৫ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, কিন্তু ওই সময়ে মাত্র ১৪৪ কোটি ৬১ লাখ টাকা আয় করা সম্ভব হয়। গত বছরে এই সময়সীমার মধ্যে এ আয়ের পরিমাণ ছিল ২৫৫ কোটি ৬৯ লাখ টাকা।
দেশের আমদানি খাত রফতানি খাতের চেয়ে অপেক্ষাকৃত অধিক বি¯তৃত। সরকারি হিসাবে দেখা গেছে, বর্তমান অর্থবছরের প্রথম সাত মাসে আমদানির জন্যে ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের এলসি খোলা হয়েছে। অন্যদিকে একই সময়সীমার মধ্যে দেশের রফতানি আয় ছিল মাত্র ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার।
ওই সময়সীমার মধ্যে গত বছরের আমদানি ও রফতানির মধ্যে যে ব্যবধান ছিল এ বছরে তা ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, আগামী দিনগুলোতে ব্যবধানের পরিমাণ আরও বাড়বে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানও বলছেন যে, বর্তমান অর্থবছরে আমদানির তুলনায় রফতানি অনেক বেড়েছে।
এ ব্যাপারে ইপিবির এক কমকর্তা জানান, বহুমুখী পণ্যের বাজার খুঁজে বের করার আহবান জানিয়ে সম্প্রতি বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে ইপিবি চিঠি ইস্যু করেছে। দেশের রফতানি একটা সীমিত বাজারে সীমাবদ্ধ হয়ে আছে।
